মেঘনায় তেলবাহী ট্যাংকার আটক
তেল চুরির সন্দেহে চাঁদপুরের মেঘনা নদীতে একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় শহরের বড় স্টেশন মোলহেড এলাকার মেঘনা নদী থেকে ট্যাংকারটি আটক করা হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্যাংকারটি চাঁদপুরের পদ্মা ডিপোতে তেল সরবরাহের জন্য আসছিল বলে জানা যায়। পুলিশ জানায়, ট্যাংকারে তিন লাখ দুই হাজার ১৫০ লিটার কেরোসিন ও চার লাখ ৭৪ হাজার লিটার ডিজেল থাকার কথা। কিন্তু পুলিশের কাছে খবর আসে, ট্যাংকারটি চট্টগ্রাম থেকে চাঁদপুর আসার পথে বিভিন্ন স্থানে থামিয়ে তেল চুরি করা হয়। এ পরিপ্রেক্ষিতে পুলিশ ট্যাংকারটি আটক করে। আটক ট্যাংকারটি শহরের ৫ নম্বর ঘাট এলাকায় রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁদপুরের নির্বাহী হাকিম রাজীব আহসান। তিনি সাংবাদিকদের বলেন, তেল চুরি করা হচ্ছে সন্দেহে ট্যাংকারটি আটক করা হয়েছে। এই ট্যাংকার থেকে কী পরিমাণ তেল পাচার বা চুরি হয়েছে, তা নির্ণয়ের জন্য ঢাকা থেকে লোক আনা হচ্ছে। চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজী মাহফুজ উদ্দিন সিদ্দিকী বলেন, টি-১০৪৯ তেলবাহী ট্যাংকারটি পুলিশি হেফাজতে রয়েছে।