মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ
মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটারে গতকাল রোববার থেকে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ইলিশসহ অন্যান্য মা-মাছ রক্ষায় মৎস্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশে জেলা মৎস্য অধিদপ্তর গত শনিবার নিষেধাজ্ঞার এ প্রজ্ঞাপন জারি করে।
জেলা ও মতলব উত্তর মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মার্চ-এপ্রিল এই দুই মাস নদীতে ইলিশসহ সব ডিমওয়ালা মাছের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময় নদীতে জাল ফেলা, মাছ ধরা, বিক্রি, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মাছ ধরায় নিষেধাজ্ঞার ফলে কর্মহীন হয়ে পড়া জেলার ৩৫ হাজার ৫১৫ জন জেলেকে অর্থ ও খাদ্যসহায়তা দেওয়া হবে। মার্চ থেকে আগামী জুন মাস পর্যন্ত তাঁরা এ সুবিধা পাবেন। প্রতিটি জেলে পরিবার মাসে পাবে ৪০ কেজি করে চাল।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান প্রথম আলোকে জানান, মার্চ-এপ্রিল মাছের প্রজনন সময়। এ সময় নদীতে মা-মাছ ডিম ছাড়ে। জেলেরা যাতে নদীতে মাছ ধরতে না পারেন, সে জন্য
গতকাল থেকে অভিযান পরিচালিত হচ্ছে। এ ব্যাপারে তাঁদের সচেতন করতে জেলা সদর ও সব উপজেলায় পোস্টার, ব্যানার, ফেস্টুন টানানো হয়েছে। করা হয়েছে একাধিক মতবিনিময় সভা।
মো. সফিকুর রহমান আরও জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে মাছ ধরলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।