মেঘনায় দুটি স্পিডবোটের সংঘর্ষে নিহত ২
নরসিংদীর মেঘনা নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলো বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের আসমা আক্তার (২৬) ও সদর উপজেলার সংগীতা এলাকার মিথিলা (৭)। দুর্ঘটনায় আহত হয়েছেন শিল্পপতি স্ট্যান্ডার্ড লুঙ্গির স্বত্বাধিকারী হেলাল মিয়া, বাঞ্ছারামপুরের নূর আলম ও কামরুল ইসলাম। পরে তাঁরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার বেপারীপাড়া এলাকার পুরোনো লঞ্চঘাট থেকে রাত সাতটার দিকে যাত্রীবাহী একটি স্পিডবোট বাঞ্ছারামপুরের মরিচাকান্দির দিকে যাচ্ছিল। এ সময় শ্রীনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার রাতেই আসমার লাশ এবং গতকাল শুক্রবার মিথিলার লাশ উদ্ধার করা হয়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।