মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনায় ধরা পড়া ইলিশে ছেয়ে গেছে চাঁদপুর জেলার বিভিন্ন বাজার। চাঁদপুর শহরের মাছের আড়ত থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
মেঘনায় ধরা পড়া ইলিশে ছেয়ে গেছে চাঁদপুর জেলার বিভিন্ন বাজার। চাঁদপুর শহরের মাছের আড়ত থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

চাঁদপুরের মেঘনায় কয়েক দিন ধরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ। জেলা সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণসহ আশপাশের উপজেলার মাছবাজারগুলো ইলিশে সয়লাব। তবে চড়া দামের কারণে স্বল্প আয়ের ক্রেতারা ইলিশ কিনতে পারছেন না।

গত সোমবার মতলব দক্ষিণ উপজেলা সদর, ধনারপাড়, মাছুয়াখাল, মুন্সিরহাট, নারায়ণপুর এবং মতলব উত্তর উপজেলার এনায়েতনগর, আমিরাবাদ, ছেংগারচর, দুর্গাপুর, নন্দলালপুর ও গজরা বাজারে দেখা যায় ইলিশের ছড়াছড়ি। ইলিশের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। সচ্ছল ক্রেতারা বেশি দাম দিয়ে ইলিশ কিনলেও স্বল্প আয়ের ক্রেতাদের আনাগোনা কম।

মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারের মাছবিক্রেতা জুম্মন হোসেন ও সেলিম মিয়া বলেন, তাঁদেরসহ ওই বাজারে ৯-১০ জন ইলিশ মাছ বিক্রি করেন। ৮-১০ দিন ধরে সেখানে প্রতিদিন গড়ে ১০-১১ মণ ইলিশ বিক্রি হচ্ছে। মতলব উত্তর উপজেলার এনায়েতনগর বাজারের মাছবিক্রেতা প্রাণকৃষ্ণ বলেন, বড় ইলিশ কেজিপ্রতি ৯০০-১০০০, মাঝারি ৭০০-৮০০ এবং ছোট ইলিশ ৬০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা মৎস্যজীবী সমিতি সূত্রে জানা গেছে, জুলাইয়ের শুরু থেকে এ ২টি উপজেলার ২৪টি বাজারে প্রতিদিন গড়ে ২৪০ থেকে ২৫০ মণ ইলিশ বিক্রি হচ্ছে। গত বছর এই সময়ে প্রতিদিন গড়ে বিক্রি হয়েছিল ১৫০ থেকে ২০০ মণ।

মতলব উত্তর উপজেলার এখলাশপুর গ্রামের জেলে আলমগীর হোসেন বলেন, ‘কিছুদিন ধইরা মেঘনায় জাল ফালাইয়া অনেক ইলিশ পাইতাছি। এইবার একটু আগেভাগেই অনেক ইলিশ ধরা পড়তাছে। আয়-রোজগারও বালা। আমাগো সবার মুখেই হাসি ফুটছে।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, ডিমওয়ালা ইলিশ ও জাটকা রক্ষায় গত মার্চ ও এপ্রিলে জেলায় চালানো হয় ছয় শতাধিক অভিযান। ইলিশ ও জাটকা রক্ষার কর্মসূচি সফল হওয়ায় এখন মেঘনায় এত ইলিশ পাওয়া যাচ্ছে। প্রতিবছর জুলাইয়ের শেষের দিক থেকে বেশি ইলিশ ধরা পড়ে । এবার কিছুটা আগে মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। তাঁর দাবি, দেড় সপ্তাহ ধরে জেলায় প্রতিদিন গড়ে ৫০০ মণ ইলিশ বিক্রি হচ্ছে। গত বছর এ সময় বিক্রি হয়েছিল ২০০-৩০০ মণ ইলিশ মাছ।