মেঘনায় ধরা পড়ছে প্রচুর ইলিশ
মেঘনা নদীতে পাঁচ দিন ধরে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। অনেক দিন পর এভাবে ইলিশ ধরা পড়ায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাত হাজার জেলের মুখে হাসি ফুটেছে। এ কারণে বাজারে ইলিশের দাম আগের চেয়ে কমেছে।
দেড় যুগ ধরে ইলিশ ধরেন মিজানুর রহমান ও কালাম মাঝি। তাঁরা বলেন, গত রোববার রাতে মেঘনা নদীর কাটাখালী এলাকায় জাল ফেলেন। প্রায় তিন ঘণ্টা পর দেখতে পান পুরো জালে ইলিশ আটকে আছে। পরে এগুলো স্থানীয় হাইমচর আড়তে ৩০ হাজার টাকায় বিক্রি করেন তাঁরা।
চর বংশী গ্রামের জেলে আবুল হাসেম বলেন, ‘ইলিশ ধরার মৌসুমের শুরুতে দাদনে টাকা নিয়ে নৌকা কিনি। কিন্তু তখন নদীতে খুব একটা মাছ পাইনি। এ কারণে হতাশ ছিলাম। এখন মৌসুমের শেষের দিকে এসে নদীতে ইলিশ ধরা পড়ায় আমার পরিবারের লোকজন খুশি।’
রায়পুর উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী, উত্তর চরআবাবিল, দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ৭ হাজার ২৩০টি জেলে পরিবার রয়েছে। তারা মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। কিন্তু ছয়-সাত বছর ধরে নদীতে মাছ কম পাওয়ার কারণে তাদের সংসারে অভাব দেখা দেয়।
পৌর শহরের ব্যবসায়ী মো. ইকবাল হোসেন বলেন, গতকাল সোমবার প্রায় ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ মাছের হালি ৭০০ থেকে ৮০০ টাকা দিয়ে কিনেছেন। অথচ এ মাছগুলো আগে দুই হাজার টাকা ছিল।
উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘কিছুদিন ধরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। গত রোববার সন্ধ্যায় রায়পুর বাজারে ৪০ থেকে ৫০ ঝুড়ি ইলিশ উঠেছে। নদীর পাড়ের জেলেরা প্রতিদিন মুঠোফোনে সুসংবাদ দিচ্ছেন। এতে আমরাও খুশি।’