মেঘনায় নিখোঁজ দুই শিক্ষার্থীর একজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর একজনের লাশ পাওয়া গেছে। তাঁর নাম সানজিদা বিনতে তানভীর। আজ রোববার সকালে কিশোরগঞ্জের ভৈরবের ঋষিপট্টি এলাকায় নদীতে লাশটি ভেসে ওঠে।

সানজিদা বেসরকারি বিশ্ববিদ্যালয় নটর ডেমের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। এখনো নিখোঁজ আছেন ইশরাকুল মেহরাব নামের আরেক শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ময়মনসিংহ ইউনিটের সহকারী উপপরিচালক দুলাল মিয়া জানান, রাত থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। বেলা ১১টার দিকে সানজিদার লাশ ভৈরবের ঋষিপট্টি এলাকায় মেঘনা নদীতে ভেসে ওঠে। লাশটি আশুগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ মেহরাবের খোঁজে ফায়ার সার্ভিস দল নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

জীবিত উদ্ধার হওয়া পাঁচ শিক্ষার্থীর মধ্যে রোদেলা আক্তার ও রিফাত ইসলামকে তাঁদের অভিভাবকেরা এসে রাতেই নিয়ে গেছেন।

পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুরের দিকে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের বিভিন্ন বর্ষের সাত শিক্ষার্থী বেড়াতে ভৈরবে আসে। তাঁরা হলেন সানজিদা বিনতে তানভীর, ইশরাকুল মেহরাব, রোদেলা আক্তার, রিফাত ইসলাম, মো. রাফসান, মো. আলভি ও মো. সৌরভ। বিকেলে কিছু সময় ভৈরবের সেতু এলাকায় ঘুরে বেড়ানোর পর নৌকায় করে তাঁরা আশুগঞ্জের চরসোনারামপুর এলাকায় যান। বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের একটি পানি নিষ্কাশন খালের কাছে গোসল করতে নেমে সবাই পানিতে তলিয়ে যান। স্থানীয় লোকজন পাঁচজনকে পানি থেকে তুলে আনতে পারলেও সানজিদা ও মেহরাব তলিয়ে যান।

বেড়াতে আসা শিক্ষার্থীদের বন্ধু মো. সোহান। তাঁরও বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা থাকলেও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি আসতে পারেননি। বন্ধুদের বিপদের কথা জেনে সকালে ছুটে আসেন ভৈরবে। সোহান জানান, বন্ধুদের মেঘনা নদী ও সেতু দেখার পরিকল্পনা ছিল অনেক দিন আগ থেকেই। শেষে তাঁরা ট্রেনে করে প্রথমে ভৈরবে আসেন।

সবুজ মিয়া নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রথমে পানির তোড়ে তলিয়ে যাচ্ছিলেন সানজিদা। এই দৃশ্য দেখে মেহরাব এগিয়ে যান। তখন তিনিও তলিয়ে যাচ্ছিলেন। দুজনের তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে বাকি পাঁচজন পানিতে নামেন। সবাই যখন হাবুডুবু খাচ্ছিলেন, তখন আমরা বিপদ বুঝতে পারি এবং পানিতে নেমে তাঁদের উদ্ধারের চেষ্টা চালাই।’

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, ময়নাতদন্ত শেষে সানজিদার মরদেহ পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হবে।