মেঘনায় নিখোঁজ কার্গোর দুই শ্রমিকের লাশ উদ্ধার
মুন্সিগঞ্জের মেঘনা নদীতে গত মঙ্গলবার নিখোঁজ হওয়া একটি সিমেন্টবাহী কার্গোর আরও দুজন শ্রমিকের লাশ আজ শনিবার নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
গজারিয়া উপজেলার চর রমজানবেগ গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে দুপুরে যে দুজনের লাশ উদ্ধার করা হয় তাঁরা হলেন জাকির হোসেন (২৮) ও নুরু মিয়া (৫৪)। এর আগে গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ লঞ্চঘাটসংলগ্ন ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় মহিউদ্দিন মিয়া (৪৪) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সায়মা পরিবহন নামের একটি ছোট কার্গোতে করে চার শ্রমিক এক হাজার ৬৩২ বস্তা সিমেন্ট মুন্সিগঞ্জের আলট্রাটেক সিমেন্ট কারখানা থেকে নিয়ে ভৈরবের আশুগঞ্জ রওনা হন। ওই দিনই কার্গোসহ তাঁরা নিখোঁজ হন।
এ ঘটনার পর বৃহস্পতিবার মহিউদ্দিন মিয়ার লাশ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর আজ দুপুরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গজারিয়া থানার পুলিশ জাকির ও নুরু মিয়ার লাশ উদ্ধার করে।
সায়মা পরিবহনের মালিক নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আজ পর্যন্ত চার শ্রমিকের মধ্যে তিনজনের লাশ পাওয়া গেল। তবে আসাদ মিয়া নামের এক শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, ‘দুর্বৃত্তের দল শ্রমিকদের মেরে সিমেন্টবাহী যান লুট করেছে বলে ধারণা করছি।’
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল বলেন, জাকির হোসেন ও নুরু মিয়ার লাশের নাক-মুখ থেঁতলে দেওয়ার আলামত দেখা গেছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-উর-রশিদ দুটি লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে জানান, সিমেন্টবাহী ইঞ্জিনচালিত নৌকা লুট ও শ্রমিক খুনের ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। বরগুনা জেলার তালতলী থানা এলাকায় সিমেন্টসহ লুট হওয়া কার্গোটি আটক করা হয়েছে বলেও তিনি জানান।