মেঘনায় নৌকাডুবি পুলিশের দুটি অস্ত্র খোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীর তাজপুর এলাকায় গতকাল শুক্রবার সকালে ট্রলারের ধাক্কায় পুলিশ সদস্য বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে নৌকায় থাকা পুলিশের চার সদস্য সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই কনস্টেবলের একটি শর্টগান ও একটি রাইফেল পানিতে পড়ে যায়।
বিকেলে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অস্ত্র দুটি ও ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা সম্ভব হয়নি।
সাঁতরে তীরে ওঠা পুলিশের দুই সদস্য হলেন আশুগঞ্জ থানার কনস্টেবল আবদুল মান্নান (৪৫) ও হুমায়ুন কবীর (৪৬)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে আশুগঞ্জ উপজেলার তাজপুর এলাকায় মেঘনা নদীর মাঝখানে পুলিশের একটি টহলরত নৌকাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলার ধাক্কা দেয়। এতে পুলিশ সদস্যদের বহনকারী নৌকাটি ডুবে যায়।