মেঘনায় নৌযানে চাঁদাবাজি বন্ধ না হলে ধর্মঘট
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে বিভিন্ন নৌযান থামিয়ে ঈদ বকশিশের নামে চাঁদা আদায় করা হচ্ছে। নৌযানের মালিকেরা পুলিশকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। তবু চাঁদাবাজি বন্ধ না হওয়ায় নৌযান ধর্মঘটের হুমকি দিয়েছেন তাঁরা।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, মেঘনা নদীর বৈদ্যের বাজার, মেঘনা ঘাট ও চরহোগলা এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন নৌযান থেকে চাঁদা আদায় করা হচ্ছে। মেঘনা ঘাট ও বৈদ্যের বাজার এলাকার কাইল্লা আমজাদ, মনির হোসেন, আলেক মিয়াসহ পাঁচজন, চরহোগলা এলাকায় মোতালিব মেম্বার, হারুন মিয়াসহ আটজনের একটি চক্র চাঁদা তুলছে। তারা মেঘনা নদীতে চলাচলকারী বালু ও পণ্যবাহী ট্রলার, বাল্কহেড ও জাহাজ থেকে ৫০০ থেকে ১,০০০ টাকা নিচ্ছে।
নৌযান মালিকেরা অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওই সব সন্ত্রাসী গত ছয় মাসে কমপক্ষে ৩৫ জন নৌ শ্রমিককে পিটিয়ে আহত করেছে। শ্রমিকদের টাকাপয়সা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে।
নৌ শ্রমিক আমজাদ হোসেন ও বিল্লাল মিয়া বলেন, সন্ত্রাসীরা নদীর মাঝখানে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে ৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মারধর করা হচ্ছে এবং মুঠোফোন ছিনিয়ে নেওয়া হচ্ছে।
সিলেট থেকে নারায়ণগঞ্জগামী পাথরবাহী জাহাজ আমজাদ এন্টারপ্রাইজের চালক আনোয়ার হোসেন বলেন, ‘প্রাণ বাঁচানোর জন্য আমরা তাদের চাঁদা দিতে বাধ্য হই।’
বাংলাদেশে নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, এক সপ্তাহ আগে পুলিশকে চাঁদাবাজির বিষয়টি জানানো হয়েছে। দ্রুত চাঁদাবাজি বন্ধ না হলে ঈদের পর সব নৌযান শ্রমিককে নিয়ে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, বিভিন্ন নৌযান থেকে চাঁদা আদায়কারীদের গ্রেপ্তারের জন্য কয়েকবার অভিযান চালানো হয়েছে।