মেঘনায় নৌকা ডুবে চার শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের খালে শাপলা তুলতে গিয়ে গতকাল সোমবার নৌকাডুবিতে চার শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা উপজেলার নলচর গ্রামের আলী মিয়ার মেয়ে সাজেদা (৬), আখি (৪), রাত্রি (৩) ও সাজেদার ফুফাতো ভাই শহীদ (৭) বাড়ির পাশের খালে শাপলা তুলতে যায়। একপর্যায়ে শহীদ ও সাজেদা নৌকার এক মাথা থেকে শাপলা টান দিলে হঠাৎ নৌকাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চার শিশুর মৃত্যু হয়। প্রতিবেশী সাহানা এ দৃশ্য দেখে পরে মৃতদের পরিবারের কাছে জানায়। মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, শহীদ পরিবারের সঙ্গে ঈদে ঢাকা থেকে নলচর গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। চার শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর বাইরে আর কোনো তথ্য তিনি জানাতে পারেননি।মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া নৌকা ডুবিতে চার শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।