মেঘনায় পণ্যবাহী জাহাজে ডাকাতি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর ঘাসিয়ারচর এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে দুটি পণ্যবাহী জাহাজে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ডাকাতের কবলে পড়া জাহাজ দুটি হলো এমভি বাংলার জিয়াদ ও এমভি পয়েন্ট অব ঝুলম-৪। চট্টগ্রাম থেকে ইউরিয়া সার নিয়ে এমভি বাংলার জিয়াদ সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও এমভি পয়েন্ট অব ঝুলম-৪ ঘোড়াশাল যাচ্ছিল বলে জানা গেছে। এমভি বাংলার জিয়াদের চালক মো. আবদুর রশীদ মুঠোফোনে বলেন, চর গজারিয়া পাইলট ঘাটের অদূরে মেঘনা নদীর ঘাসিয়ারচর এলাকায় নোঙর করা অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ১৫-২০ জন সশস্ত্র জলদস্যু ইঞ্জিনচালিত দুটি ট্রলারযোগে এসে তাঁদের জাহাজে হানা দেয়। জলদস্যুরা তাঁকে এবং জাহাজের মাস্টার মো. সোলায়মান, সুকানি মো. সাদ্দাম হোসেন ও মো. জাহাঙ্গীরসহ কর্মচারীদের বেধড়ক পিটিয়ে তাঁদের সঙ্গে থাকা নগদ টাকা, মুঠোফোন, কাপড়চোপড় এবং জাহাজের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আবদুর রশীদ আরও বলেন, তাঁদের জাহাজের অদূরে নোঙর করা এমভি পয়েন্ট অব ঝুলম-৪ জাহাজটিতেও জলদস্যুরা হানা দিয়ে চালক, মাস্টার ও সুকানিসহ নয়জনকে পিটিয়ে আহত করে নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়। তাঁর দাবি, জলদস্যুরা জাহাজ দুটি থেকে তিন লক্ষাধিক নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। কোস্টগার্ডের রামগতি কন্টিজেন্টের কমান্ডার সিরাজুল ইসলাম বলেন, পণ্যবাহী জাহাজে ডাকাতি সম্পর্কিত কোনো অভিযোগ তাঁরা পাননি। তবে বিষয়টি সম্পর্কে তাঁরা খোঁজখবর নেবেন।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।