মেঘনায় ফিরোজার ২৭ বছরের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনা নদীতে জাল পেতে জীবিকা নির্বাহ করেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর গ্রামের ফিরোজা বেগম। গত মঙ্গলবার সকালে তোলা ছবি
মেঘনা নদীতে জাল পেতে জীবিকা নির্বাহ করেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর গ্রামের ফিরোজা বেগম। গত মঙ্গলবার সকালে তোলা ছবি

ফিরোজা বেগম একজন বিধবা। তিনি প্রতিদিন কাকডাকা ভোরে ঘুম থেকে ওঠেন। এরপর নৌকা বেয়ে চলে যান মেঘনা নদীতে। সেখানে জাল পাতেন। জালে আটকা পড়া মাছ স্থানীয় বাজারে বিক্রি করেন। এতে যে টাকা পান, তা দিয়ে চাল-ডাল কিনে ঘরে ফেরেন। ঘরে ফিরে রান্নাবান্না করেন। টানা ২৭ বছর ধরে চলছে তাঁর এই জীবনযুদ্ধ।
লড়াকু ফিরোজা বেগমের (৬১) বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা তীরবর্তী ঝাউচর গ্রামে। তাঁর স্বামী হায়দার আলী ছিলেন দিনমজুর। ২৭ বছর আগে তিনি মারা যান। তখন ফিরোজার মাথায় আকাশ ভেঙে পড়ে। তিন ছেলেকে নিয়ে পড়েন অকূলপাথারে। মনে মনে শপথ করেন, মচকাবেন তবু ভাঙবেন না। অন্নের সংস্থান নিজেই করবেন। নৌকা বাইতে জানতেন। আর মেঘনায় তখন প্রচুর মাছ ছিল। জাল সংগ্রহ করলেন। নৌকা বেয়ে মেঘনায় জাল পাতলেন। মাছ ধরে নিয়ে গেলেন স্থানীয় বাজারে। একজন বিধবা নারী নদীতে মাছ শিকার করছেন, বাজারে এনে তা বিক্রি করেছেন, অনেকে তা সহজে নিতে পারেননি। অনেকে ঠাট্টা-তামাশা করেছেন। খারাপ লাগত তাঁর। কিন্তু তিনি মুখ বুজে সব সহ্য করতেন। আর মনে মনে বলতেন, যাঁরা তাঁকে নিয়ে হাসাহাসি করছেন, তাঁদের কেউ তাঁদের খাওয়ান না, পরান না। অতএব, তাঁদের পাত্তা দেওয়ার কিছু নেই। এই ভাবনাই তাঁকে সাহস দেয়।
গতকাল মঙ্গলবার জানতে চাইলে ফিরোজা বেগম বলেন, তখন কৃষিকাজ ছাড়া আর কোনো কাজের ব্যবস্থা ছিল না। তাই তিনি গ্রামের পাশের নদীতে মাছ ধরতে যান। মাছ ধরাকে পেশা হিসেবে বেছে নেন। প্রথম দিকে অস্বস্তিত্বে ভুগতেন। মাছ ধরতে সংকোচ লাগত। মানুষজন মুখ টিপে হাসত। মন খারাপ হতো তাঁর। কিন্তু যখন তাঁর জালে প্রচুর মাছ ধরা পড়ত, খুব ভালো লাগত। মাছ বিক্রি করে টাকা হাতে পেয়ে আনন্দ লাগত। একসময় মাছ ধরার নেশায় পেয়ে বসে তাঁকে। বর্ষার উত্তাল মেঘনায় নৌকা বেয়ে যেতেন। এতে তাঁর শরীর ও মনের বলও বেড়ে যেত। ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়েন। এরপর অন্য জেলেরা তাঁর সঙ্গে ভালো ব্যবহার করেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মেঘনা নদীর জেলেদের অনেকে বয়সে তাঁর ছোট। তাঁকে ফিরোজা আপা বলে সম্বোধন করেন।
ফিরোজা বেগম বলেন, প্রতিদিন ভোর চারটার দিকে তিনি মাছ ধরতে নদীতে জাল পাতেন। সকালে ও দুপুরে জালে আটকা পড়া মাছ সংগ্রহ করেন। এরপর স্থানীয় বাজারে নিয়ে বিক্রি করেন। প্রতিদিন তাঁর আয় হয় ৩০০ থেকে ৭০০ টাকা। এ টাকা থেকে কিডনি রোগে আক্রান্ত তাঁর ছোট ছেলে নুর হোসেনের চিকিৎসা চলে। মেজ ছেলে দিনমজুর মনির হোসেনের সংসারেও কিছুটা টাকা দেন। এ ছাড়া কিছু টাকা জমিয়ে ছিলেন। জমানো টাকা ও স্থানীয় সমিতি থেকে ঋণ নিয়ে বড় ছেলে জাহাঙ্গীর হোসেনকে বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু কাজ না পাওয়ায় জাহাঙ্গীর দেশে কোনো টাকা পাঠাতে পারছেন না।
ক্ষোভ প্রকাশ করে ফিরোজা বলেন, এত বছর তিনি হাড়ভাঙা পরিশ্রম করছেন। মাছ ধরে সংসার চালিয়েছেন। তাঁর অভাব-অনটনের কথা স্থানীয় ব্যক্তিরা সবাই জানেন। জনপ্রতিনিধিদের কেউ বয়স্ক ভাতা, ভিজিডি, ভিজিএফ কিংবা সরকারের কোনো আর্থিক সহায়তা দিতে এগিয়ে আসেননি। পরক্ষণেই দৃপ্তকণ্ঠে বলেন, এখনো তাঁর শরীরে শক্তি আছে। খাটতে পারেন তিনি। কারও দয়া বা করুণার পাত্র হয়ে বাঁচতে চান না। নিজের আয়-রোজগার নিজেই করতে চান।
ঝাউচর গ্রামের জেলে নোয়াব আলী বলেন, পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে ঝড়বৃষ্টি উপেক্ষা করে ফিরোজা আপা মেঘনার বুক থেকে মাছ ধরে আনেন। ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে জীবিকা নির্বাহ করেন। তাঁকে তাঁরা সবাই শ্রদ্ধা করেন। কিন্তু এখন বয়স হয়েছে তাঁর। সরকারের উচিত তাঁকে সাহায্য-সহযোগিতা দেওয়া। এটা তাঁর প্রাপ্ত।
ইউএনও শাহীনুর ইসলাম বলেন, ‘আমি সংগ্রামী এই নারীর সঙ্গে যোগাযোগ করব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সব ধরনের সহযোগিতা করা হবে।’