মেঘনায় বালু তোলার সময় ৫ শ্রমিক ও খননযন্ত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর তীরবর্তী নুনেরটেক গ্রামের তীর থেকে অবৈধভাবে বালু তোলার সময় এলাকাবাসী একটি খননযন্ত্র আটক এবং পাঁচজন শ্রমিককে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী জানান, উপজেলার মেঘনা নদী থেকে বালু তোলার নাম করে অপূর্ব ড্রেজিং প্রকল্প নামের একটি খননযন্ত্র দিয়ে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নুনেরটেক গ্রামের পাশের চরের ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে নিচ্ছিলেন। এ সময় গ্রামবাসী একত্র হয়ে ওই খননযন্ত্রটি আটক এবং বালু তোলার কাজে জড়িত থাকার অভিযোগে পাঁচজন শ্রমিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক শ্রমিকেরা হলেন: জামাল (৪০), মিজান (৩০), জুয়েল (২৫), কামাল (২৭) ও আবদুর রহমান (২৩)।এ ঘটনায় নুনেরটেক অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটির সদস্য মো. জিলানী মিয়া বাদী হয়ে আটক পাঁচজনসহ নয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।এ ব্যাপারে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটির সদস্য মো. জিলানী মিয়া জানান, প্রভাবশালীরা গ্রামবাসীর ফসলি জমির মাটি দীর্ঘদিন ধরে কেটে নিয়ে যাচ্ছে। অবৈধভাবে বালু তোলার কারণে গ্রামবাসীর বাড়িঘর ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে খননযন্ত্র ও শ্রমিকদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।