মেঘনায় বালু ভরাট বন্ধ করে দিল পরিবেশ অধিদপ্তর
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর লাউয়াদী মৌজায় মেঘনা নদী, খাসজমি ও ভূমিহীনদের নামে বন্দোবস্ত জমি মেগরাইল শিপ বিল্ডিং দখল করছে বলে প্রমাণ মিলেছে। ওই জমিতে বালু ভরাটসহ সব ধরনের কাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় উপজেলা প্রশাসন।জানা যায়, জাহাজ তৈরির কারখানা নির্মাণ করার নামে মেগরাইল শিপ বিল্ডিং নামের একটি প্রতিষ্ঠান প্রথমে কিছু জায়গা কেনে। পরে ভূমিহীনদের বন্দোবস্ত জমি, খাসজমি ও মেঘনা নদীতে বাঁশ পুঁতে বালু ফেলে দখল শুরু করে। উপজেলা প্রশাসন প্রতিষ্ঠানটিকে বালু ভরাট বন্ধের নির্দেশ দেয়। কিন্তু প্রতিষ্ঠানটি প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশে দখল অব্যাহত রাখে। গত শনিবার প্রথম আলোতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এ পরিপ্রেক্ষিতে গত রোববার ও গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক আক্তারুজ্জামানের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার রেজাউল করিম, পিরোজপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদার আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করে খাসজমি, ভূমিহীনদের নামে বন্দোবস্ত করা জমি ও মেঘনা নদীর জায়গা চিহ্নিত করেন এবং বালু ভরাটকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় খননযন্ত্র সরিয়ে নেন শ্রমিকেরা।এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি চিঠি দেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই নদীর তীরবর্তী জলাভূমি অবৈধভাবে ভরাট করে মেগরাইল শিপ বিল্ডিং অপরাধ করেছে। কোম্পানিটি ওই এলাকায় কী পরিমাণ জমি দখল করেছে, তার একটি প্রতিবেদন দেওয়ার জন্য চিঠিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন প্রথম আলোকে জানান, ‘মেগরাইল শিপ বিল্ডিংয়ের দখলদারির প্রমাণ আমরা পেয়েছি। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’