
মেঘনা নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ও চর ক্লার্ক ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার বেড়িবাঁধ, ঘরবাড়ি ও ফসলি জমি। গত দুই বছরে ইউনিয়ন দুটির কমপক্ষে দুই হাজার পরিবার গৃহহীন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্র জানায়, গত সপ্তাহে মেঘনার ভাঙনে চর নোমান এলাকায় একটি স্লুইসগেট বিলীন হয়ে গেছে।
সম্প্রতি সরেজমিনে চর ক্লার্ক ইউনিয়নের চর বায়েজিদ এবং মোহাম্মদপুর ইউনিয়নের চর খোন্দকার, চর নোমান ও চর মোজাম্মেল এলাকা ঘুরে ভাঙনের ভয়াবহতা দেখা যায়। মাত্র কয়েক বছর আগে বন্দোবস্ত পাওয়া জমিতে বাড়িঘর তৈরি করেছিলেন ভূমিহীন ব্যক্তিরা। সেসব ঘরও নদীতে বিলীন হয়ে যাচ্ছে।
মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমানের বাসিন্দা আবু বকর ছিদ্দিক (৮০) প্রথম আলোকে বলেন, আগে দুবার নদীভাঙনে বসতভিটা হারিয়েছেন তিনি। সাত-আট বছর আগে বেড়িবাঁধের ভেতরে এসে বাড়ি করেন। কিন্তু ভাঙন এখন তাঁর বাড়ির কাছে চলে এসেছে। বাধ্য হয়ে ঘরবাড়ি ভেঙে আশ্রয় নিয়েছেন পাশের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে।
একই ইউনিয়নের চর খোন্দকারের গৃহহীন মো. সেলিম বলেন, বেড়িবাঁধের বাইরে প্রায় ৫০০ গজ দূরে তাঁর বাড়ি ছিল। কিন্তু সপ্তাহ খানেক আগে তা বিলীন হয়ে গেছে। এখন পরিবার নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
গৃহিণী রুপিয়া বেগম বলেন, বসতভিটা হারিয়ে তিনি আশ্রয়কেন্দ্রে উঠেছেন।
চর মোজাম্মেলের বাসিন্দা চান মিয়া বলেন, চার বছর আগে নদী ছিল তিন-সাড়ে তিন কিলোমিটার দূরে। আগে ভাঙনও এতটা তীব্র ছিল না। তখন যদি ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এখন ভয়াবহ অবস্থা হতো না। আর তিনিও বসতভিটাছাড়া হতেন না।
মোহাম্মদপুর ইউনিয়নের ভূমিহীন সমিতির নেতা মো. জসিম উদ্দিন বলেন, গত দুই বছরের ভাঙনে চর ক্লার্ক ও মোহাম্মদপুর ইউনিনের প্রায় দুই হাজার পরিবার গৃহহীন হয়েছে। সরকারের কাছ থেকে ভূমিহীন হিসেবে জমি বন্দোবস্ত পেয়ে অনেকে ঘরবাড়ি করে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এখন সবাই আবার নিঃস্ব হয়ে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুর ও চর ক্লার্ক ইউনিয়নের ভাঙন সম্পর্কে তাঁরা জানেন। বিষয়টি নিয়ে এরই মধ্যে জেলা সমন্বয় সভায় আলোচনা হয়েছে। সেখানে পাউবোর কর্মকর্তাও উপস্থিত ছিলেন। তাঁরা বিষয়টি দেখছেন। তিনি বলেন, ভাঙনে এ পর্যন্ত কত পরিবার গৃহহীন হয়েছে, তার কোনো তালিকা এখনো করা হয়নি।
পাউবোর নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান বলেন, সুবর্ণচর উপজেলার প্রায় ১০ কিলোমিটার এলাকায় নদীভাঙন চলছে। ইতিমধ্যে পাউবোর বিশেষজ্ঞ দলও ভাঙন এলাকা পরিদর্শন করেছে। কিন্তু নদীর গভীরতা ও ভাঙনের তীব্রতার কারণে এখনই তা প্রতিরোধে কিছু করা সম্ভব নয়। শুষ্ক মৌসুমে বিকল্প বাঁধ নির্মাণ করে কিছু করা যায় কি না, সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে।