মেঘনায় বিলীন হতে বসেছে সোনারগাঁয়ের চারটি গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কপথে যোগাযোগবিচ্ছিন্ন চরাঞ্চলের চারটি গ্রামে অব্যাহত নদীভাঙনের ফলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। ভাঙন রোধ করতে না পারলে দুই বছরের মধ্যে এসব গ্রামের কোনো অস্তিত্ব থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসী।
উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক, গুচ্ছগ্রাম, সবুজবাগ ও রঘুনাথপুর গ্রামগুলোতে নৌপথে ট্রলারযোগে উপজেলা সদর থেকে যেতে সময় লাগে ৪৫ মিনিট। চারদিকে মেঘনা নদী পরিবেষ্টিত এই গ্রামগুলোতে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। এসব গ্রামের প্রায় ছয় হাজার মানুষ বসবাস করেন। তাঁদের অধিকাংশই নদীতে মাছ ধরে ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
নুনেরটেক গ্রামের বাসিন্দা শাহজালাল মিয়া জানান, প্রতিবছর নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা গ্রামগুলোতে এসে সভা করে মেঘনার ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ৩০ বছর ধরে বিভিন্ন সরকারের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়ে এলেও কোনো কাজ হয়নি। ফলে মেঘনার প্রবল স্রোত এবং নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীরের গ্রামবাসীর ফসলি জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
গতকাল শনিবার গ্রামগুলোতে সরেজমিনে দেখা গেছে, বাড়িঘর ও ফসলি জমি হারিয়ে নদীর তীরে বসে লোকজন কান্নাকাটি করছেন। নুনেরটেক গ্রামের বাসিন্দা আলী হোসেন বলেন, ‘আমরা নদীতে বাঁধ নির্মাণের দাবিতে নদীর তীরে মানববন্ধন ও বিক্ষোভ করেছি। বরাবরের মতো এ বছরও আমরা প্রতিশ্রুতি পেলাম। কিন্তু কোনো সহায়তা পেলাম না।’
স্থানীয় নুনেরটেক গ্রামের বাসিন্দা ও বারদী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জিলানী মিয়া জানান, গত পাঁচ বছরে চার গ্রামের ৭৯ জন বাসিন্দার ১৮৫ বিঘা জমি ও ১০২ জনের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। গ্রামবাসীর বাড়িঘর ও জমি নদীগর্ভে বিলীন হলেও সরকারিভাবে কোনো সহায়তা দেওয়া হয়নি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের ভূঞা প্রথম আলোকে বলেন, এক সপ্তাহে সবুজবাগ গ্রামের ১৫টি পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং একজনকে ঘর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এভাবে ভাঙন চলতে থাকলে আগামী দুই বছরের মধ্যে গ্রামগুলো অস্তিত্বের সংকটে পড়বে।