মেঘনায় ভাসছে কয়েকটি লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অজ্ঞাত পরিচয়ের কয়েকটি লাশ দেখা গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। গত শুক্রবার বিকেল থেকে আজ রোববার বিকেল পর্যন্ত উপজেলার সুখচর ইউনিয়নের পশ্চিম ও উত্তর পাশ, বৌ বাজার এবং হরিণ বাজার এলাকায় মেঘনা নদীতে এসব লাশ ভাসতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে সুখচর ইউনিয়নের বাদশা মিয়া গ্রামের উত্তর পাশের মেঘনার তীরে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সকাল আটটার দিকে একই গ্রামের পশ্চিম পাশের তীরে আরেকটি লাশ দেখেন তাঁরা।

এ ছাড়া গতকাল শনিবার দুপুরে হরিণ বাজার এলাকায় নদীতে দুটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। শনিবার বিকেলেও বৌ বাজারের পশ্চিম পাশের মেঘনায় তিনটি লাশ ভাসার খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি স্থানে লাশের সন্ধান দেন স্থানীয়রা। তবে স্থানীয়রা এসব লাশের পরিচয় শনাক্ত করতে পারেননি।

স্থানীয় ওয়ার্কার্স পার্টির নেতা ও সুখচর ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেন একটি লাশ নদীতে ভাসতে দেখার কথা জানান। অন্যদিকে মধ্য চর আমানুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র দাস গতকাল বিকেলে বৌ বাজারের পশ্চিম পাশের মেঘনার তীরে তিনটি লাশ দেখেন।

এদিকে পুলিশ এসব লাশের বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানাতে পারেনি। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী আজ বিকেলে প্রথম আলোকে বলেন, হাতিয়ায় মেঘনার তীরে লাশ ভেসে ওঠার খবর শুনেছি। সেখানে দুজন কর্মকর্তা পাঠিয়েছি। এখনো তাঁরা ফেরেননি। তাঁরা ফিরলে বিস্তারিত জানা যাবে।