মেঘনায় ভেসে উঠল নিখোঁজ শিক্ষার্থীর লাশ

চাঁদপুরে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর মেঘনায় ভেসে উঠল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব আহম্মেদ শ্যামলের (২৩) লাশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে।
চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামান জানান, স্থানীয় লোকজন সকাল সাড়ে ৭টার দিকে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। সুরতহাল করার পর স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে লাশটি রাজধানী ঢাকার মুগদায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সজীব ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন বলে স্বজনরা জানান।
গতকাল বুধবার সকাল ৭টার দিকে চাঁদপুরের কানুদী লঞ্চঘাটে নৌকায় করে চাঁদপুর-নারায়ণগঞ্জের মধ্যে চলাচলকারী এমএল হেদায়েত লঞ্চে উঠার সময় ধাক্কা খেয়ে নৌকাটি উল্টে যায়। অন্য আরোহীরা সাঁতরে ওপরে উঠলেও সজিব নিখোঁজ হন। পরে কয়েক দফা চেষ্টা চালিয়েও চাঁদপুর দমকল বাহিনীর ডুবুরি ও ঢাকা থেকে আসা বিআইডব্লিউটিএর ডুবুরিরা তাঁকে উদ্ধার করতে পারেননি।