মেঘনায় মাছ ও ট্রলার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর উপকূলে ভাষাণ চরের মোহনায় নয়টি মাছবাহী ট্রলার থেকে প্রায় এক কোটি টাকার মাছ লুট করেছে জলদস্যুরা। এর মধ্যে পাঁচটি ট্রলার আটকে রেখে মুক্তিপণ দাবি করেছে তারা। পুলিশ অভিযান চালিয়ে দুটি ট্রলার উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে, ২৩ সেপ্টেম্বর রাতে একদল জলদস্যু হামলা চালিয়ে নয়টি ট্রলারের সব মাছ ও টাকা লুট করে। দস্যুদের এলোপাতাড়ি মারধরে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নসু মাঝি (৪০), বলু মাঝি (৪৩), রহিম মাঝি (৫৪), নুরুল ইসলাম মাঝি (৩২), দুলাল মাঝি (৫৫) ও আজগর মাঝি (৪০)।ঢালচরের মাছ ব্যবসায়ী আ. ছালাম হাওলাদার জানান, গত তিন দিনে প্রায় ২০টি ট্রলার জলদস্যুদের হামলার শিকার হয়েছে। প্রতিদিন জলদস্যুরা বিভিন্ন বনে ট্রলারপ্রতি ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। ঢালচরের আরেক মাছ ব্যবসায়ী আলাউদ্দিন মেম্বার জানান, চাঁদা না দিলে জলদস্যুরা ব্যবসা করতে দেবে না বলে হুমকি দিচ্ছে।ডাকাতি হওয়া ট্রলারের মাঝি নুরুল ইসলাম ও মজিবল হক মাঝি বলেন, হাতিয়ার মুন্সীয়া বাহিনী এ হামলা চালিয়েছে। বাকি তিনটি ট্রলার ফিরিয়ে দিতে জলদস্যুরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মল্লিক জানান, ঘটনার পর পরই পুলিশ বিচ্ছিন্ন চর থেকে দুটি ট্রলার উদ্ধার করে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযানে থাকা উপপরিদর্শক মাহবুব বলেন, ভাষাণ চরের গহিন জঙ্গলে একটি খালের ভেতর দুটি ট্রলার পাওয়া যায়।