মেঘনায় মাছ ধরার ট্রলারসহ ৭ জেলে অপহরণ মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পূর্ব সেবাগ্রাম এলাকায় মেঘনা নদীতে গতকাল রোববার সকালে মাছ ধরার একটি ট্রলারসহ সাত জেলে অপহূত হয়েছেন।স্থানীয় গাবতলী এলাকার একটি জলদস্যু দল ওই অপহরণের সঙ্গে জড়িত বলে ক্ষতিগ্রস্ত জেলেরা জানিয়েছেন। অপহরণকারীরা ওই সাত জেলেকে ছেড়ে দেওয়ার জন্য মুক্তিপণ দাবি করছে। জানা যায়, রামগতি উপজেলা পরিষদসংলগ্ন মৌলভীরকান্দি এলাকার অপহূত জেলে আমজাদ হোসেনকে গতকাল রোববার (অপহরণের ছয় ঘন্টা পর) দুপুরে তাঁর স্বজনেরা পাঁচ হাজার টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার করেছেন। একই এলাকার (মৌলভীরকান্দি) জেলে মহিউদ্দিন মাঝিসহ অপহূত অপর ছয় জেলেকে জলদস্যুরা অজ্ঞাত স্থানে আটকে রেখে মুক্তিপণের জন্য তাঁদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করছে।নাম প্রকাশ না করার শর্তে ক্ষতিগ্রস্ত জেলেরা জানান, গাবতলী কালীর খাল এলাকার ওয়াহেদ ও মাইন উদ্দিনসহ সাত-আটজনের একদল জলদস্যু রোববার সকালে (সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত) ট্রলার নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে পূর্ব সেবাগ্রাম এলাকার মেঘনা নদী থেকে অপরিচিত একটি মাছ ধরার ট্রলার ছিনতাই করে।জলদস্যুরা ওই সময় পার্শ্ববর্তী কয়েকটি মাছ ধরার ট্রলার থেকে সাত জেলেকে অপহরণ করে নিয়ে যায়।অপহূত জেলে আমজাদ হোসেনকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনার প্রক্রিয়ার সঙ্গে জড়িত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, জলদস্যুরা অপহূত ওই সাত জেলেকে গাবতলী এলাকার বেড়িবাঁধের ভাঙা মাথায় একটি খালে ট্রলারের মধ্যে আটকে রাখে। মুক্তিপণ দেওয়ার পর আমজাদকে ওই এলাকা থেকেই উদ্ধার করা হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল মিঞা বলেন, জেলে অপহরণের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্টের কমান্ডার মো. আবদুর রহিম বলেন, তাঁরাও ওই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।