ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার পাশে মেঘনা নদী ভরাটের কাজ বন্ধ হয়েছে। আশুগঞ্জ চরচারতলা এলাকায় নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের প্লাস্টিক কারখানার জন্য দুই মাস ধরে সেখানে ভরাট চলছিল। তবে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গতকাল বৃহস্পতিবার ঠিকাদারি প্রতিষ্ঠান মাটি ফেলার কাজ বন্ধ রেখেছে। এলাকাবাসী জানিয়েছে, সেখানে দ্রুত নদী ভরাটের কাজ চলছিল। ফলে দেড় মাসের ব্যবধানে মেঘনা নদীর তীর থেকে ভেতরে প্রায় ৪০০ ফুট নদী ভরাট হয়ে যায়। প্রতিদিন সেখানে দিনে মাটি ফেলা হতো। রাতে দেওয়া হতো শ্রমিকদের মজুরি। তবে গতকাল ছিল উল্টো চিত্র। চরচারতলা গ্রামের আবদুল আজিজ (৪৫) বলেন, ‘তাইজ্জব ব্যাপার। হেরারে কেউ থামাইতে পারব কল্পনাও করা গেছে না। প্রধানমন্ত্রী চোখে পড়ছে তো, বন্ধ না কইরা যাইব কই।’ নিউ এশিয়া সিনথেটিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) মতিন চৌধুরী। তিনি বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুল হাইয়ের ভায়রা। গত বুধবার ‘দখলের কবলে মেঘনা’ শিরোনামে প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই ব্রাহ্মণবাড়িয়া সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী। বিষয়টি জানতে পেরে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নদী দখলমুক্ত করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলার সচেতন নাগরিকেরা। তবে নদী দখলমুক্ত করতে প্রশাসনিক কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তাঁরা। আশুগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঈশা খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নদী দখল বন্ধ হবে সবাই আশা করে। প্রধানমন্ত্রীর এ উদ্যোগ মানুষকে স্বস্তি দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর বলেন, ‘আমরা মনে করি, প্রধানমন্ত্রীর এ নির্দেশ সারা দেশের নদীখেকোদের জন্য এটি একটি বিশেষ বার্তা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি মুখলেছুর রহমান খান বলেন, বড় নদীর মধ্যে একমাত্র জীবিত আছে মেঘনা। কিন্তু এখন এই মেঘনায় দখলের পাঁয়তারা শুরু হয়েছে। এখনই থামিয়ে দিতে না পারলে কিছুদিন পর মেঘনাকেও বাঁচিয়ে রাখা যাবে না। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল হক খান বলেন, ‘তোমার আমার ঠিকানা—পদ্মা, মেঘনা, যমুনা’ এ স্লোগানকে হূদয়ে ধারণ করে মাত্র ২০ বছর বয়সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজ এই স্লোগানের যথার্থতা খুঁজে পাওয়া যায় না। সার্বিক বিষয়ে জেলা প্রশাসক মো. আবদুল মান্নান গতকাল প্রথম আলোকে বলেন, কোনোভাবেই মেঘনার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না। কারণ, প্রধানমন্ত্রী এমনটা চান না। নদী দখলমুক্ত করার জন্য আইনি প্রস্তুতি নেওয়া হচ্ছে। এক থেকে দুই দিনের মধ্যে দখলমুক্ত করার কাজ শুরু হবে।