
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে এমভি মিরাজ-৪ লঞ্চডুবির ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আরও ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৫৫ জনের লাশ উদ্ধার করা হলো। এর মধ্যে দুর্ঘটনাকবলিত লঞ্চটির মালিক আনোয়ার হোসেন ঢালীও (৫৬) রয়েছেন। তিনি লঞ্চের কেবিনে করে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাড়িতে যাচ্ছিলেন। সবগুলো লাশই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বেলা দেড়টার দিকে লঞ্চটিকে টেনে তুলতে সক্ষম হয় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও দুর্বার। পরে এটিকে তীরে নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল সাড়ে আটটার দিকে লঞ্চটি অর্ধেক তুলেই লঞ্চের ভেতরে আর কোনো লাশ নেই বলে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুদ্দোহা খান। এ সময় মেঘনার তীরে নিখোঁজ স্বজনদের অপেক্ষায় থাকা শত শত মানুষ লঞ্চের ভেতরে আরও লাশ আছে দাবি করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। তাঁদের বিক্ষোভের মুখে লঞ্চটি পুরোপুরি টেনে তোলা হয়। সে সময় লঞ্চের ভেতর আরও আটটি লাশ মেলে।
গতকাল উদ্ধার হওয়া সব লাশেরই পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার খলিল (২৮), পূর্ণ লক্ষ্মীদাস (৮৫), আরিফ হোসেন (১৭), রতন মৃধা (৩৫), সিরাজুল হক (৪৫), আফসানা (১৮), নড়িয়া উপজেলার লিপি (১৮), মো. মিন্টু (২৭), পায়েল আক্তার (১৩), মুন্না (২৮), আবদুল মান্নান দেওয়ান (৬৫), সায়েম ঢালী (৩৫), মো. মাহিন (৬), নুরুল ইসলাম (৪৫), পালং উপজেলার আসাদুজ্জামান (২৮), সফিপুর উপজেলার আহসান উল্লাহ (৫৬), সুমন ব্যাপারী (২৭), আল আমিন (৭), নাঈম হোসেন (১১), মাদারীপুরের কালকিনি উপজেলার আবদুস সালাম (৪০) ও সামছু সরদার (৪৪), নড়াইলের লোহাগড়া উপজেলার রফিকুল ইসলাম (৪৫) ও লঞ্চের মালিক।
লঞ্চটি সম্পূর্ণ তোলা হলেও নদীর তীরে স্বজনদের খোঁজে এখনো অনেকে অপেক্ষা করছেন৷ জেলা প্রশাসনের কাছে গতকাল নিখোঁজ সাতজনের স্বজনেরা যোগাযোগ করেছেন। নিখোঁজ ব্যক্তিরা হলেন নড়িয়ার সজীব (২৪), কাঞ্চন হওলাদার (৩০), মুসা শেখ (২৫), আবুল কালাম সৈয়াল (৪৫), রাজীব সৈয়াল (২২), কালকিনির আনসার উদ্দিন সরদার (৬০) ও ঢাকার নবাবগঞ্জের কল্পনা (১৩)। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, একজন ব্যক্তিও নিখোঁজ থাকা পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত থাকবে।
জরাজীর্ণ লঞ্চ: এমভি মিরাজ-৪ লঞ্চটি এতটাই দুর্বল ও জরাজীর্ণ ছিল যে উদ্ধারের সময় এর যে অংশ তার দিয়ে বাঁধা হতো, সেই অংশই ভেঙে যেত। ফলে গোটা লঞ্চটিই উদ্ধার করতে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে লঞ্চটির ফিটনেস নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ সম্পর্কে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান জানান, লঞ্চটির নকশা বর্তমান সুপার স্ট্রাকচারের মতো ছিল না। নিচের অংশ ছোট ও ওপরের অংশ বড়। যে জন্য লঞ্চটি সহজেই কাত হয়ে ডুবে যায়।
দুই ডুবুির আহত: লঞ্চটি উদ্ধারকাজে তার বাঁধতে গিয়ে বিআইডব্লিউটিএর ডুবুরি রাজ্জাক (৪৬) ও ফায়ার সার্ভিসের আরেক ডুবুির গুরুতর আহত হন। তাঁদের মধ্যে রাজ্জাককে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
প্রেস ব্রিফিং: উদ্ধার অভিযান শেষে বিকেলে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ে প্রেস ব্রিফিং করা হয়। সেখানে স্থানীয় সাংসদ মৃণাল কান্তি দাস, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, জেলা প্রশাসক সাইফুল হাসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন৷
বিআইডব্লিউটিএর চেয়াম্যান প্রেস ব্রিফিংয়ে বলেন, উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের মাধ্যমে এটাই হচ্ছে দুর্ঘটনাকবলিত কোনো নৌযান উদ্ধারের প্রথম অভিযান। তাই কিছু ভুলত্রুটি হয়েছে। লঞ্চের ভেতরে লাশ রেখেই উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণার ব্যাপারে তিনি বলেন, ‘আসলে আমরা কেবল লঞ্চটিকে উদ্ধার করি। লাশ উদ্ধারের বিষয়টি জেলা প্রশাসন বা অন্য সব বিভাগের লোকজন দেখে থাকে।’
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরও জানান, লঞ্চের মালিক ও চালকের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে৷
পোপের শোক: মেঘনায় লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস৷ তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে এক বার্তায় নিহতদের জন্য প্রার্থনা কামনা করেছেন৷
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় গজারিয়ার দৌলতপুরে মেঘনা নদীতে ঢাকা থেকে শরীয়তপুরের সুরেশ্বরগামী লঞ্চ এমভি মিরাজ-৪ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এটিতে ৩৬৫ জন যাত্রী ছিলেন৷ লঞ্চের যাত্রীসংখ্যার হিসাব রাখার রেজিস্টার খাতা থেকে এ তথ্য জানা গেছে৷ রেজিস্টার খাতাটি নদী থেকে উদ্ধার করে এক ব্যক্তি গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। অথচ লঞ্চটির নকশা অনুযায়ী দিনের বেলা ২০২ জন আর রাতের বেলা ১০২ জন যাত্রী বহনের কথা।