মেঘনায় ১৭০০ মেট্রিক টন সারসহ জাহাজডুবি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গজারিয়া পাইলটঘাটের অদূরে আবদুল্লাহরচর এলাকায় মেঘনা নদীতে প্রায় এক হাজার ৭০০ মেট্রিক টন সারসহ এম ভি মাস্টার জিয়াদ নামের একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেছে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রামগতি থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি করা হয়েছে।এম ভি জিয়াদের মাস্টার মো. নুরুল হুদার ভাষ্যমতে, যশোরের নওয়াপাড়ার মেসার্স আবদুল ওহাবের আমদানি করা এক হাজার ৬৯০ মেট্রিক টন ডিএপি চায়না সার বোঝাই করে গত বৃহস্পতিবার এমভি জিয়াদ জাহাজটি নিয়ে তিনি চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। সন্ধ্যা সোয়া সাতটায় রামগতির চর গজারিয়া পাইলটঘাটের অদূরে পৌঁছালে নারায়ণগঞ্জগামী অপর একটি জাহাজ (এমভি খাজা আহমদ শাহ-১) এমভি জিয়াদকে পেছন দিক থেকে আকসিঞ্চকভাবে ধাক্কা দেয়। ওই সময় এমভি জিয়াদ নিয়ন্ত্রণ হারিয়ে তার পাশে থাকা এমভি আকাশ-৯ নামের অপর একটি জাহাজকে ধাক্কা দেয়। এতে এমভি জিয়াদ জাহাজটির তলা (সামনের ফোর পিক টেংক এবং মাল হ্যাজ) ফেটে যায়। এ অবস্থায় নিরাপত্তার জন্য তিনি জাহাজটি পার্শ্ববর্তী ডুবোচরে তুলে দেন। শুক্রবার ভোররাতে সেখানেই জাহাজটি মালামালসহ ডুবে যায়। মেসার্স আবদুল ওহাবের স্বত্বাধিকারি মো. আবদুল ওহাব তাঁর আমদানি করা এক হাজার ৬৯০ মেট্রিক টন ডিএপি সারসহ সারবাহী এমভি মাস্টার জিয়াদ দুর্ঘটনায় পড়ে ডুবে যাওয়ার কথা স্বীকার করেন।