মেঘমুক্ত ডিসেম্বরে আকাশে দেখা যাবে দুটি চাঁদ!
আকাশে দুটি চাঁদ দেখতে হলে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চলে যেতে পারেন। প্রতিষ্ঠানটি টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প চালু করেছে। ওই টেলিস্কোপ দিয়ে আকাশে চোখ রাখলে মেঘমুক্ত ঝকঝকে আকাশে দেখা যাচ্ছে দুটি চাঁদ। একটি আসলে শুক্র গ্রহ। অন্যটি চিরপরিচিত চাঁদ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সপ্তাহে দুই দিন আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প শুরু করেছে। গতকাল শনিবার ওই ক্যাম্পে গিয়ে দুটি চাঁদের কথা জানা যায়।
জাদুঘরের প্রকৌশলী সুকল্যাণ বলেন, সন্ধ্যায় পশ্চিম আকাশে তাকালে একটি অতি উজ্জ্বল জ্যোতিষ্ক দেখতে পাওয়া যায়। সবার কাছে সন্ধ্যাতারা নামে পরিচিত। পৃথিবীর নিকটতম এই গ্রহের নাম শুক্র। খালি চোখে সারা বছর এটা তারার মতো দেখে যায়। তবে বছরের এ সময় আকাশ মেঘমুক্ত থাকায় টেলিস্কোপের মাধ্যমে একে বাঁকা চাঁদের মতো দেখায়।
প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, চাঁদ এ সময়ে পৃথিবীর খুব কাছে অবস্থান করায় টেলিস্কোপে চোখ রাখলে অসংখ্য খাদ, ফাটল ও গর্ত খুব সহজেই চোখে পড়ে।