মেঘলা আকাশের মতোই মুখ ভার বিক্রেতাদের!
ভরদুপুর। ঈদের মাত্র কয়েক দিন বাকি। নিজের দোকানে এক চেয়ারে পা আরেক চেয়ারে মাথা রেখে ঘুমাচ্ছেন আবুল হোসেন। এই সময়ে এমন আয়েশি ভঙ্গিতে ঘুমাচ্ছেন? প্রশ্ন শুনে বিরক্ত কারওয়ান বাজার সুপার মার্কেটের ওমর ফারুক লেদার স্টোরের এই মালিক। ঘুমের আড়ষ্টতা কাটিয়ে বললেন, ‘সকাল তুন কোন বেচা কেনা নাই। বই থাইকতে থাইকতে ঝিম ধরি গেছিলো। চেয়ার দুইয়ান অত্তর করি দিসি ঘুম!’
গতকাল সোমবার ছিল ঈদবাজারের ব্যবসায়ীদের জন্য মন খারাপ করা একটা দিন। দিনের শুরুটা হয়েছে ঝুম বৃষ্টিতে। রাজধানীর বেশির ভাগ এলাকা পানিতে সয়লাব। যার সরাসরি প্রভাব পড়েছে ফুটপাত এবং অপেক্ষাকৃত নিম্ন আয়ের ক্রেতার মার্কেটগুলোতে। তৈরি পোশাকের দোকান থেকে সবজি, ফলের দোকান—সব জায়গায় নিদারুণ ভোগান্তিতে পড়েছে ক্রেতা–বিক্রেতারা।
রমজানের ২৩টি দিন পেরিয়ে গেল। এই সময় কেনাকাটা থাকে তুঙ্গে। কিন্তু বৃষ্টির বাগড়ায় থমকে গেছে ঈদের বাজার। আষাঢ়ের পয়লা সপ্তাহে
বৃষ্টিই এখন প্রধান সমস্যা। ক্রেতাদের জন্য, বিক্রেতাদের জন্যও। যেমনটি ছিল কাল।
দুপুর পর্যন্ত প্রায় ক্রেতাশূন্য ছিল রাজধানীর বেশ কিছু মার্কেট। পুরান ঢাকার সদরঘাট এলাকা, টিকাটুলীর রাজধানী মার্কেট, গুলিস্তান, মতিঝিল, পল্টন এলাকার ফুটপাত, খিলগাঁও সুপার মার্কেট, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল সব ধরনের বাজারে ছিল বৃষ্টির প্রভাব। কোনো কোনো এলাকায় মার্কেটের ভেতরে পানি জমে থাকতে দেখা গেছে। সেগুনবাগিচা, বেইলি রোডসহ কিছু এলাকায় চলমান মেলাগুলোতে ক্রেতা ও দর্শনার্থীর সংকট ছিল।
কয়েকটি বিপণিবিতান ঘুরে দেখা গেল, মেঘলা আকাশের মতোই মুখ করে আছেন বিক্রেতারা। বৃষ্টি আর যানজটের হ্যাপা মাথায় করে যাঁরা কেনাকাটা করতে বেরিয়েছেন, তাঁরা বেশ সমাদর পাচ্ছেন দোকানে এলেই। অন্য সময় এই বাড়তি খাতির পাওয়া যেত না।
রাজধানী সুপার মার্কেটের নীলা ক্লথ স্টোরের বিক্রয় প্রতিনিধি শামসু মৃধা বললেন, ‘এ সময়টায় ক্রেতাদের সঙ্গে দরদাম করারই সময় থাকে না। অথচ এবার এই যে দেখেন, হাত গুটিয়ে বসে আছি।’
মোহাম্মদ রাসেল মিয়া থাকেন ইস্কাটনের একটি মেসে। বললেন, ‘বৃষ্টির কারণে এই কয়দিন আসিনি। আজ আসছি, তা–ও বৃষ্টি। পরশু গ্রামের বাড়ি খুলনায় চলে যাব। আমরা তো আর বড় মার্কেট থেকে কিনতে পারব না। বৃষ্টিতেই দেখে কিনব, যা পাই।’
শুধু জামাকাপড় কিংবা জুতা নয়, বৃষ্টি বাগড়া দিয়েছিল ইফতার এবং ঈদকেন্দ্রিক খাবারের বাজারেও। বিকেল পাঁচটায় বৃষ্টি ছিল না। কিন্তু রাস্তায় ছিল কাদা। কারওয়ান বাজারের আম্বর শাহ মসজিদের বিপরীত পাশে ফলের দোকান সাজাচ্ছিলেন মোহাম্মদ রুবেল। জানালেন, এই জায়গাটায় বেলা তিনটা পর্যন্ত পানি ছিল। ড্রেনের পাশে পানি আর কাদা দেখিয়ে রুবেল বললেন, ‘আইজগা হারা দিন ধরা। বেচাকেনা একদম নাই।’
ফল বিক্রেতারা জানালেন, রমজানের শেষ দিকে ফলের বিক্রি বাড়ে। বিশেষ করে ঢাকার বাইরে যাওয়ার সময় অনেকে ফল কিনে নিয়ে যায়। বিক্রি হয় শুকনো খেজুর, বাদাম, কিশমিশ।
মাত্র কয়েকটি দিন বাকি আছে ঈদের। প্রকৃতি এখন একটু সদয় হলেই স্বস্তি আসে ঈদের বাজারে পণ্যের পসরা সাজিয়ে বসা বিক্রেতা এবং কেনাকাটায় বেরিয়ে পড়তে অধীর ক্রেতাদের মনে। কিন্তু আবহাওয়া অফিস সেই ভরসা দিচ্ছে না।