মেঘাই ঘাটে বালু কাটা বন্ধ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ঘাট এলাকায় বালু কাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল ইসলাম পুলিশ নিয়ে অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। একই সঙ্গে তিনটি বালুভর্তি ট্রাক ও একটি ট্রলি জব্দ করা হয়। পরে অবশ্য মুচলেকা দিয়ে সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল প্রথম আলোয় ‘বাঁধ ও স্পার হুমকিতে ফেলে বালু কাটার মহোৎসব’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ইউএনও শাফিউল ইসলাম জানান, অভিযান পরিচালনা করার সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
প্রতিবেদনে উল্লিখিত বালু কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের তলব করে উপজেলা পরিষদের কার্যালয়ে ডেকে আনা হয়।
তাঁরা অবৈধভাবে বালু কাটার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে আর বালু কাটবেন না মর্মে অঙ্গীকার করায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পাশের একটি স্থান থেকে বালু পরিবহন করার সময় তিনটি ট্রাক ও একটি ট্রলি জব্দ করা হয়। পরে মুচলেকা নিয়ে সেগুলোও ছেড়ে দেওয়া হয়েছে।