মেঘালয় থেকে আসা হরিণ জবাই করে মাংস বণ্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাকমা গ্রামে মেঘালয় পাহাড় থেকে আসা একটি বড় হরিণ ধরে জবাই করে এর মাংস ভাগ করে নিয়েছে লোকজন। এ সময় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা উপস্থিত থাকলেও এলাকার লোকজনের হরিণ ধরার প্রতিযোগিতার মধ্যে তারা ছিল অসহায়।পুলিশ, বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে মেঘালয় পাহাড় থেকে তাড়া খেয়ে হরিণটি বাংলাদেশ সীমান্তে এলে এলাকাবাসীর নজরে পড়ে। এ সময় এলাকার শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে হরিণ ধরার প্রতিযোগিতায় লিপ্ত হয়। পরে হরিণটি ধরে লাকমা পশ্চিমপাড়া নুর নবীর বাড়িতে জবাই করে শতাধিক লোক মাংস ভাগ করে নিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, চার ফুট উচ্চতার হরিণটিতে ১২০ কেজি মাংস হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাফিল মিয়া বলেন, ‘সকালে বড় এ হরিণটি বাংলাদেশ সীমান্তে চলে এলে শত শত এলাকাবাসী দেশীয় অস্ত্র নিয়ে ধরার জন্য এগিয়ে যায়। আমরা চেষ্টা করেও এ অবস্থা থেকে হরিণটিকে উদ্ধার করতে পারিনি।’ তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বজলে মৌলা বলেন, খবর শুনে পুলিশ যাওয়ার আগেই লোকজন হরিণটি জবাই করে মাংস ভাগ করে নিয়ে যায়। খবর শুনেই আমি বিজিবি ও বন বিভাগকে অবহিত করেছি। তা ছাড়া সীমান্তবর্তী হওয়ায় বিষয়টি বিজিবির বলে তিনি জানান।