মেঘালয়ে মণিপুরের বিদ্রোহী গোষ্ঠীর তিন নারী সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত বুধবার বিকেলে মণিপুরভিত্তিক বিদ্রোহী গোষ্ঠীর তিন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁরা বাংলাদেশ থেকে মেঘালয় রাজ্যের পূর্ব খাসি হিলস এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। মণিপুরভিত্তিক বার্তা সংস্থা হুইয়েন নিউজ সার্ভিসের এক খবরে এ কথা বলা হয়।গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে নিষিদ্ধঘোষিত পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) প্রচার সম্পাদক লীলা লেইমা দেবী (৫২) রয়েছেন। অন্য দুজন হলেন মেম্মা দেবী (৫২) ও আইবেছা দেবী (৩৪)। পরে তাঁদের মেঘালয় পুলিশের কাছে সোপর্দ করা হয়।ভারতের শিলংয়ে কর্মরত বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, ওই তিন বিদ্রোহী বাংলাদেশের মৌলভীবাজারে আত্মগোপন করে ছিলেন। ওই দেশের নিরাপত্তা বাহিনী তাড়া দিলে বুধবার বিকেলে সীমান্ত পাড়ি দিয়ে মণিপুরে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা।এর আগে মণিপুরভিত্তিক নিষিদ্ধঘোষিত অন্য বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (ইউএনএলএফ) তিন শীর্ষ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। মণিপুরে বিদ্রোহী তৎপরতা চালাতে ইউএনএলএফের তহবিল বিতরণের ঘটনা তদন্ত করছে এই সংস্থা।