
‘আজকাল রাস্তায় বের হলে অনেকে জানতে চায়, আমাকে চেনাচেনা লাগে, আমি টিভিতে অ্যাড (বিজ্ঞাপন) করি কি না। হ্যাঁ, আমি তো ছেলেহারা মায়ের অ্যাড করি।’ এ কথা বলতে বলতে কেঁদে ফেলেন সাগর সরওয়ারের মা সালেহা মুনির।
সাংবাদিকদের দুটি অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার বক্তৃতা করেন সালেহা। তিনি বলেন, ‘একমাত্র ছেলের মৃত্যুর পর কী অসহায় অবস্থায় আমি আছি, সেটা বোঝাতে পারব না। তবে আমি কোনো ধনসম্পদ চাই না। শুধু আমার সাগর আর রুনি হত্যার বিচার চাই।’
সাগর-রুনি হত্যার দ্বিতীয় বার্ষিকীতে গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দুই অংশ। ‘দুই বছর কেটে গেল, আর কত?’ ‘মেঘের কান্না কি সহ্য করার মতো?’ ‘সাগর-রুনি হত্যার বিচার কি আদৌ হবে?’ এসব প্রশ্নসংবলিত ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন সাংবাদিকেরা।
মানববন্ধনে যোগ দিয়ে সালেহা মুনির বলেন, ‘আমি আর রুনির মা সন্তান হারিয়েছি। মেঘ হারিয়েছে তার বাবা-মা। আমি এর বিচার চাই, ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাই।’
সমাবেশের সভাপতি এবং বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘দুই বছরে এই হত্যার রহস্য উন্মোচিত না হওয়া আমাদের লজ্জা। আর সাগর-রুনির নিরাপত্তা দিতে না পারা এবং খুনের বিচার না করাটা এই রাষ্ট্রের লজ্জা।’ তিনি বলেন, ‘সাগর-রুনি আমাদের চেতনার মধ্যেই আছে। আমরা এই হত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ ছিলাম এবং থাকব।’
বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদ বলেন, ‘অতীতে সুবিধা নিয়ে অনেকে এই আন্দোলন থেকে সরে গেছেন। অনেক সময় ঐক্যবদ্ধ আন্দোলনের সঙ্গে শর্তও জুড়ে দেওয়া হয়েছে। আমরা চাই, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার হোক। এ জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বিএফইউজে এবং ডিইউজের দুই অংশের অন্য নেতাদের মধ্যে রুহুল আমিন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, আলতাফ মাহমুদ, আবদুল হাই শিকদার, কুদ্দুস আফ্রাদ, জাহাঙ্গীর আলম প্রধান, ওমর ফারুক, শাবান মাহমুদ এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বক্তব্য দেন।
সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে সালেহা মুনির অভিযোগ করেন, ‘আমি প্রতিজ্ঞা করেছিলাম, বিচার না হওয়া পর্যন্ত সাগর-রুনির কবর জিয়ারত করব না। আর কত কাল আমাকে এ জন্য অপেক্ষা করতে হবে, তা আমি জানি না।’ তিনি বলেন, ‘সাগরের সবচেয়ে প্রিয় ছিল কৃষ্ণচূড়াগাছ, সাগর-রুনির খুনিরা ধরা পড়লে আমি ওদের কবরের পাশে দুটো কৃষ্ণচূড়াগাছ লাগাব। বলব, তোমাদের খুনিরা ধরা পড়েছে, ওদের শাস্তি হয়েছে।’
স্মরণসভায় মেঘকে কয়েকবার মাইকের সামনে আনা হলেও বারবার সে বলে, ‘আমি কিছু বলব না।’
রুনির ভাই নওশের রোমান বলেন, এই মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী স্মরণসভায় বলেন, সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ৩১ মার্চ ডিআরইউর সামনে দিনব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে। ৩১ মার্চের মধ্যে দাবি আদায় না হলে কাফনের কাপড় পরে মিছিল, আমরণ অনশন ও রাজপথ অবরোধের মতো কর্মসূচি দেওয়ার কথা বলেন তিনি। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
একই দাবিতে মাছরাঙা টেলিভিশনের সামনে মানববন্ধন করেছেন সেখানকার সাংবাদিক ও কর্মীরা। এ ছাড়া সাগর-রুনির বন্ধুরা বেলা সাড়ে তিনটায় সার্ক ফোয়ারা মোড়ে মানববন্ধন করেন। ‘মেঘের আর্তনাদ কি রাষ্ট্র শুনতে পায়’, ‘পৃথিবীর দীর্ঘতম ৪৮ ঘণ্টা’ এমন নানা প্ল্যাকার্ড ছিল তাঁদের হাতে।
এ ছাড়া সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে গতকাল সিলেট, বাগেরহাট, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, নীলফামারী, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, নেত্রকোনা, কুড়িগ্রাম, গাজীপুর, মৌলভীবাজার, নাটোর, কক্সবাজার, ভৈরবসহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এতে স্থানীয় সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেও দুই বছরে এই হত্যার রহস্য উন্মোচিত হয়নি।