মেছো ইগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নখরে মাছ গেঁথেছে মেছো ইগল l ছবি: আদনান আজাদ আসিফ
নখরে মাছ গেঁথেছে মেছো ইগল l ছবি: আদনান আজাদ আসিফ

চরখালী লঞ্চ-স্টিমারঘাট ও ফেরিঘাট-সংলগ্ন ডিম্বাকৃতির চরটির আকাশে চক্কর দিচ্ছে শিকারি পাখিটি। পুব দিক থেকে বয়ে এসে বিশাল কচা নদীটা এখানেই বাঁক নিয়ে চলে গেছে সোজা দক্ষিণ দিক, পড়েছে বঙ্গোপসাগরে। ওই বাঁকটার আকাশেই পাখিটার চক্কর। শিকার তার নজরে পড়েছে এবং সুযোগ পেলে ডাইভ মারবে। এই পাখিদের শিকারদৃশ্য চোখজুড়ানো।
ফিরছি আমরা কজন পাথরঘাটা থেকে, ফেরি পার হয়ে যাব পিরোজপুরের দিকে। কিন্তু দৃষ্টিনন্দন দৃশ্যটা দেখার জন্য ফেরিতে উঠলাম না—একটু দূরে সেই চরটির কাছেই রইলাম দাঁড়িয়ে। চরটিতে বন বিভাগ বনায়ন করেছে। ছোট ছোট কেওড়া-মেহগনিগাছ। ক্লান্ত পাখিটি নেমে এসে বসল একটি কেওড়াগাছের মাথায়। আমরা দাঁড়িয়েই রইলাম। না, ওর দুর্দান্ত ডাইভ ও মোহনীয় শিকারদৃশ্য না দেখেই উঠলাম ফেরিতে। ফেরি যখন মাঝনদীতে, তখন বাইনোকুলারের ফ্রেমে দেখলাম ওর ছিটকে ঊর্ধ্বাকাশে উঠে যাবার দৃশ্য, তারপরে দুর্দান্ত ডাইভ, দুপায়ে ধরা একটি কোরাল মাছের বাচ্চা। বসল গিয়ে সেই কেওড়াগাছটির মাথায়।
ঘটনাটি এই ডিসেম্বরের ১৫ তারিখের। জায়গাটা হলো পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রাম।
সুদর্শন এই শিকারি পাখিটির ইংরেজি নাম Osprey. বৈজ্ঞানিক নাম pandion haliactus. শরীরের মাপ ৫০-৬০ সেমি। বাংলায় এটি মেছো ইগল নামে পরিচিত। বাগেরহাটে এটি সাদা বাজ ও ভুতুমে বাজ নামে পরিচিত।
এটি আমাদের শীতের পরিযায়ী পাখি। চেহারায় যেমন একটা রাজকীয় আভিজাত্য আছে, তেমনি ওড়ায় আছে একটি আলাদা ছন্দ ও ভঙ্গিমা। চিবুক-গলা-বুক কার্পাস তুলোর মতো সাদা—দুপায়ে যেন সাদা উলের মোজা পরা, মাথার পেছনে সামান্য ঝুঁটি, ঘাড়-গলায় সামান্য বুটি বুটি বাদামি ছিট, পিঠের উপরিভাগ ঘন বাদামি, চোখের ওপরে যেন কাজল টানা, ঠোঁট ছোট, রং কালো, পা ধূসরাভ। ছোট ঠোঁটের দুর্বলতা ওরা পুষিয়ে নেয় পায়ের তলার বিশেষ চৌম্বকীয় প্যাড ও নখরের গোলাকার ধরনের বিন্যাস দিয়ে। পা থেকে পিছল মাছও ছাড়া পায় না। তীক্ষ্ণ চাহনি, দুর্দান্ত ডাইভার—শিকারকে ছোঁ মারায় টাইমিংয়ের অবিশ্বাস্য দক্ষতা এদের দিয়েছে আলাদা বৈশিষ্ট্য। মূল খাদ্য মাছ। কার্তিক থেকে মাঘ মাস পর্যন্ত এদের দেশের যেকোনো অঞ্চলের হাওর-বাঁওড়-বিল-জলাশয়ে দেখা যেতে পারে। বসবে নিচু জায়গায়, চোখ রাখবে চারপাশে। শিকার নজরে পড়লে ছিটকে উঠবে ওপরে, টার্গেট ঠিক করে ডাইভ দেবে। অন্য ইগলদের মতো এরা পেছন দিকে দুপা চালিয়ে মাছকে নখরে গাঁথে না, সরাসরি দুপা দিয়ে ধরে ফেলে মাছ।
সুদর্শন এই শিকারি পাখিটি মৎস্য ঘের মালিকদের কাছে শত্রু হিসেবে বিবেচিত। বৃহত্তর খুলনা অঞ্চলে প্রতি মৌসুমেই দু-পাঁচটা মারা পড়ে বন্দুকের গুলিতে।