মেছো বাঘের দুটি বাচ্চা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা মেছো বাঘ একটি বাচ্চা নিয়ে পালিয়ে গেলেও দুটি বাচ্চা আর পালাতে পারেনি। ফাঁদ পেতে দুটি বাচ্চাকে অক্ষত অবস্থায় আটকে ফেলে গ্রামবাসী। এই ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের আশ্রকাপন গ্রামে। গতকাল বুধবার গ্রামের মুজিবুর রহমান চৌধুরীর বাড়ি থেকে বাচ্চা দুটি উদ্ধার করা হয়েছে। বাড়ির লোকজন সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে বাড়ির লোকজন মেছো বাঘটিকে দেখতে পান। এ সময় মা মেছো বাঘ একটি বাচ্চাসহ পালিয়ে গেলেও বাড়ির পাশের একটি পাইপের ভেতর দুটি বাচ্চা ঢুকে পড়ে। ফাঁদ পেতে বাচ্চা দুটিকে অক্ষত অবস্থায় আটক করা হয়। বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা ইমাম উদ্দিন বলেন, ‘বাচ্চা দুটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।’