মেছো বাঘের দুটি শাবক আটক
নাটোরের সিংড়া উপজেলার ঢাকঢোল গ্রাম এলাকার বিলের ধানখেত থেকে গত শুক্রবার মেছো বাঘের দুটি শাবক আটক করা হয়েছে।গ্রামবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে বিলের মধ্যে ধানখেতে মেছো বাঘের বাচ্চা দুটি পাওয়া যায়। ওই দিনই বিকেলে বন বিভাগের কর্মকর্তাদের কাছে বাচ্চা দুটি হস্তান্তর করা হয়েছে।নাটোর সদর বন কর্মকর্তা সুলতানুল আজিম বলেন, ‘ঢাকঢোল গ্রামের মুসা ও আবদুল মতিনের বাড়ি থেকে মেছো বাঘের বাচ্চা দুটি উদ্ধার করা হয়। বাচ্চা দুটির বাবা বাঘটিকে মেরে ফেললেও মা বাঘিনী এখনো পলাতক। আমরা গ্রামবাসীকে বুঝিয়েছি, তারা যেন বাচ্চা দুটির মাকে না মারে। বিকেলে বাচ্চা দুটি রাজশাহী চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’গ্রামের কৃষক আবদুল মতিন বলেন, ‘বাচ্চা দুটি দেখে মায়া হয়েছে। তাই কাউকে মারতে দিইনি। তাদের বাবা হিংস্র ছিল, তাই তাকে মেরে ফেলা হয়েছে। মা বাঘটি আমরা না মেরে ধরার চেষ্টা করছি।’৮ মে রাতে ঢাকঢোল গ্রামের এলাহী বক্সের বাড়ির মুরগির খোঁয়াড়ে হানা দেওয়ার সময় খোঁয়াড়ের মুখে পেতে রাখা জালে একটি মেছো বাঘ আটকে যায়। এ সময় গ্রামবাসী বাঘটি পিটিয়ে মেরে ফেলে। এটি প্রায় সাড়ে চার ফুট লম্বা ও দেড় ফুট উচ্চতার ছিল।