মেছো বাঘের শাবকটি মারাই গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের নির্যাতনের একপর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লোকালয়ে চলে আসা মেছো বাঘের একটি শাবক থানার বারান্দায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। গত বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের দেবগ্রাম শিববাড়ি এলাকায় এটি দেখা যায়। স্থানীয় যুবকেরা তাড়া করে বাঁশের কঞ্চিতে চাপা দিয়ে সেটিকে আটক করে। এ সময় গলায় চোট পায় শাবকটি। পরে এটির গলায় দেওয়া হয় শেকল।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বাঘের বাচ্চা ধরা পড়েছে—এমন খবরে অনেক মানুষ সেখানে ভিড় করে। একপর্যায়ে স্থানীয় যুবক আনোয়ার সাইকেলে করে শাবকটিকে নিয়ে থানার পথে রওনা হন। পথে পুলিশ আনোয়ারসহ শাবকটিকে থানায় নিয়ে যায়। কিন্তু থানায় শত শত মানুষ অবস্থান নেয়। পুলিশ লাঠি চালিয়েও মানুষকে শান্ত করতে পারছিল না। পরিস্থিতি সামাল দিয়ে পুলিশ যখন শাবকটিকে বুঝে নিতে যায়, তখন দেখা যায়, এটি আর নড়াচড়া করছে না।দেবগ্রামের বাসিন্দা ইকবাল আহমেদ খান বলেন, বন্য প্রাণীরা খাবারের অভাবে লোকালয়ে আসছে। এদের খাদ্যসংকটের মূলে রয়েছে মানুষ। আর লোকালয়েও রয়েছে মানুষের যন্ত্রণা। ব্যাঘ্রশাবকটি প্রাণ দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন বলেন, ব্যাঘ্রশাবকটির ওপর অত্যাচার করা হয়েছে। তবে পুলিশ যখন এটিকে নিরাপদে নিতে যায়, তখন এর দেহে প্রাণ ছিল না।