মেজবান করে দখল উৎসব
চট্টগ্রামের রাউজান উপজেলার ৩০০ বছরের পুরোনো সেই পুকুর পাড়ে মেজবানের আয়োজন করে দখল উৎসব করেছেন প্রভাবশালী ব্যক্তিরা। গত শুক্রবার জুমার নামাজ শেষে মেজবান খেয়ে ভরাট করা পুকুরের জমিতে হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন তাঁরা। মেজবান অনুষ্ঠানে ক্ষমতাসীন দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিই ছিল বেশি। তাঁরা পুকুর ভরাট কাজে বাধা দানকারী ব্যক্তিদের দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। রাউজান উপজেলার গশ্চি ইউনিয়নের উত্তর গশ্চি গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী সাবের তালুকদার ও মফিজ তালুকদার ১ একর ৯৭ শতক পুকুরটির ১ একর ৩৪ শতক জমি কিনেন। ওই পুকুরের বাকি ৬৩ শতক জমি সড়ক ও জনপথ বিভাগের। যেখানে মার্কেট নির্মাণের জন্য সাবের তালুকদার ও মফিজ তালুকদারের ভাগিনা রোকন উদ্দিন ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে এ বছর মে মাসে পুকুরটি ভরাট শুরু করেন। গত ২৭ মে ও ৮ জুন প্রথম আলোয় এ-সংক্রান্ত সচিত্র সংবাদ ছাপা হয়। এরপর প্রভাশালী ব্যক্তিরা বালু এনে পুকুর ভরাট কাজ বন্ধ করলেও পুকুরে ফেলা বালু সমান করে পুকুরের ৮০ শতাংশ ভরাট করে ফেলেন।গত শুক্রবার জুমার নামাজ শেষে তাঁরা পুকুর পাড়ে প্যান্ডেল টানিয়ে গরু জবাই করে মেজবান দিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন। সাবের তালুকদারের ভাগনে রোকন উদ্দিন জানান, ওই জমিতে জনস্বার্থে একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।