নির্বাচন কমিশনার (ইসি) মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে মেজবান বা মিলাদ মাহফিল করার প্রবণতা দেখা যাচ্ছে। কোনো প্রার্থী মেজবান-মিলাদ মাহফিলের আয়োজন করলে তা নির্বাচনী ব্যয় হিসেবেই ধরা হবে।’ সিলেটে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে গতকাল বুধবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয় আয়োজিত ‘আইনশৃঙ্খলা ও নির্বাচনসংক্রান্ত মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ছহুল হোসাইন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা যখন জনগণের বিশ্বাস অর্জন করতে পারবেন, তখনই পরিপূর্ণ অবাধ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’ছহুল হোসাইন বলেন, ‘ইউপি নির্বাচনে সবাই শুধু র্যাব চায়। আমার সঙ্গে যত প্রার্থীর আলাপ হয়েছে, তাঁদের একটাই কথা—নির্বাচনের দিন যেন র্যাবের টহল থাকে।’ সভায় উপস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) অধিনায়কের উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনারা চিন্তা করতে পারবেন না—জনগণ আপনাদের কতটুকু ভালোবাসে। আপনারা জনগণের এ ভালোবাসা আর বিশ্বাস ধরে রাখবেন।’অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ইউপি নির্বাচনের জন্য সিলেট অঞ্চলে ৮২৪ জন নির্বাহী ও ৪৪০ জন বিচারিক হাকিম মাঠে থাকবেন বলে মতবিনিময় সভায় ছহুল হোসাইন জানান। সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিমের সভাপতিত্বে ও জেলা নির্বাচন কর্মকর্তা সামসুল আলমের সঞ্চালনায় সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া, সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া, রর্যাব-৯ অধিনায়ক সৈয়দ অনঘ, সিলেট বিভাগীয় উপনির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান মতবিনিময় সভায় বক্তব্য দেন।সিলেট সদরে ৬৪ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিলেট বিভাগের মধ্যে প্রথম পর্যায়ে সিলেট সদর উপজেলার আট ইউনিয়নে ৩১ মে নির্বাচন হবে। আট ইউনিয়নে ভোটকেন্দ্র ৯৪টি। এর মধ্যে ৬৪টি ঝুঁকিপূর্ণ ও ৪৪টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।