২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মেজর (অব.) আতিকুর রহমানকে জেরা করতে অস্বীকৃতি (ডিকলাইন) জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামির আইনজীবীরা। তবে এই সাক্ষীকে গতকাল মঙ্গলবার হরকাতুল জিহাদের (হুজি) নেতা শরীফ শাহেদুল আলম ওরফে বিপুলের পক্ষে জেরা শেষ হয়েছে। আরেক আসামি মহিবুর রহমার ওরফে অভির পক্ষে আংশিক জেরা করা হয়েছে।
আদালত সূত্র জানায়, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক উপপরিচালক মেজর আতিক গত ২০ আগস্ট আদালতে এ মামলায় সাক্ষ্য দেন। গত সোমবার তাঁকে আসামিপক্ষ জেরা শুরু করেন। গত দুই দিনে জঙ্গি নেতা মুফতি আবদুর রউফ ও বিপুলের পক্ষে জেরা শেষ হয়েছে।
গতকাল তারেক রহমান, হারিছ চৌধুরী, শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, মো. হানিফ ও ইকবাল হোসেনের পক্ষে জেরা করতে অস্বীকৃতি জানানো হয়।
আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী ফখরুল ইসলাম, আনিসুর রহমান, কুতুব উদ্দিন চৌধুরী প্রমুখ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আইনজীবী আকরাম উদ্দিন ও জাহাঙ্গীর সেলিম।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত ও শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে তারেক রহমানসহ আরও ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।