২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় র্যাবের গোয়েন্দা শাখার সাবেক কর্মকর্তা মেজর (অব.) আতিকুর রহমানকে গতকাল সোমবার তৃতীয় দিনের মতো আসামিপক্ষ জেরা করেছে।
গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ মেজর আতিককে জেরা করেন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নান ও তাঁর ভাই মহিবুর রহমানের (অভি) আইনজীবী ফখরুল ইসলাম।
আইনজীবী: ২০০৫ সালে র্যাব মুফতি হান্নানকে কোন মামলায় গ্রেপ্তার করেছিল?
মেজর আতিক: কোটালিপাড়ার একটি মামলায়।
আইনজীবী: মুফতি হান্নানকে কোটালিপাড়ার মামলায় হাজির করা হয়েছিল কি?
আতিক: জানি না।
আইনজীবী: গ্রেপ্তারের কয় দিন পর মুফতি হান্নানকে টিএফআই সেলে আনা হয়েছিল? আতিক: পরের দিন আনা হয়েছিল।
আইনজীবী: মুফতি হান্নানকে কত দিন টিএফআই সেলে রাখা হয়েছিল। আতিক: তা স্মরণে নেই।
আইনজীবী: আপনি কর্নেল গুলজার আহমেদের কাছ থেকে শুনে যা বলেছেন, তা শোনা কথা?
আতিক: সত্য নয়।
আইনজীবী: আপনি তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দের কাছে তো একটি মামলায় জবানবন্দি দিয়েছেন ।
আতিক: সত্য।
আইনজীবী: আপনি জবানবন্দি দেওয়ার আগে তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দের সঙ্গে তিনবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেখা করেছিলেন।
আতিক: সত্য নয়।
আদালত সূত্র জানায়, গত ২০ আগস্ট র্যাবের গোয়েন্দা শাখার সাবেক উপপরিচালক আতিকুর রহমান আদালতে এ মামলায় সাক্ষ্য দেন। তাঁকে এর আগে আসামি হুজি নেতা মুফতি আবদুর রউফ ও শরীফ শাহেদুল আলম ওরফে বিপুলের পক্ষে জেরা শেষ হয়েছে।
২০০৫ সালের ১ অক্টোবর গ্রেপ্তারের পর মুফতি হান্নান রিমান্ডে দীর্ঘদিন র্যাব কার্যালয়ে অবস্থিত টিএমআই সেলে ছিলেন। তখন হান্নান গ্রেনেড হামলার বিস্তারিত বিবরণ দিলেও, তা গোপন করা হয়েছিল।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত ও কয়েক শ নেতা-কর্মী আহত হন।