মেজর মনিরুলকে সাক্ষ্য দিতে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মেজর (বরখাস্ত) মনিরুল ইসলামকে সাক্ষ্য দিতে সমন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সাক্ষ্য দেওয়ার তারিখ নির্ধারণ করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ সমন জারি করেন।
গতকাল গ্রেনেড হামলাসংক্রান্ত হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে করা দুটি মামলায় সাক্ষী মিজানুর রহমানকে জেরার জন্য দিন ধার্য ছিল। গতকাল নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান, মাওলানা আবদুস সালাম, আবদুল মাজেদ ভাট, শেখ ফরিদ, রতন ও ইয়াহিয়ার পক্ষে জেরা করা হয়। গতকাল পর্যন্ত মামলা দুটিতে ৬৮ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন।
এ মামলায় কারাগারে আটক আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৬ জন। ছয় পুলিশ কর্মকর্তাসহ জামিনে আছেন সাতজন। মামলায় তারেক রহমানসহ ১৯ জন আসামি পলাতক রয়েছেন।