মেজো ও ছোটতে লড়াই মাঝে সাংসদ বড় ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় সাংসদ তৃণমূল নেতা-কর্মীদের পাশ কাটিয়ে তাঁর ছোট ভাই সফিকুল ইসলামকে আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। সিদ্ধান্ত না মেনে সাংসদের মেজো ভাই মোহাম্মদ আলী নির্বাচনে প্রার্থী হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন প্রথম দফায় ৯৭টি উপজেলায় ১৯ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফায় বালিয়াডাঙ্গীসহ ১১৭টি উপজেলায় ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে। দ্বিতীয় দফায় ২ ফেব্রুয়ারি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-২ আসনের (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল উপজেলার আংশিক) সাংসদ দবিরুল ইসলাম তাঁর ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলামকে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত দেন। তাঁর সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সাংসদের মেজো ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মোহাম্মদ আলী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়ে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, তৃণমূল নেতারা প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে তিনটি প্রক্রিয়া অনুসরণ করবেন। প্রথমত, সমর্থনপ্রত্যাশীরা বসে সমঝোতা করবেন। দ্বিতীয়ত, সমঝোতা না হলে ভোটাভুটি হবে। তৃতীয়ত, জেলা ও উপজেলা কমিটি বৈঠকের পর প্রার্থী নির্ধারণ করবে। কিন্তু সাংসদ প্রার্থী বাছাইয়ের ওই তিন প্রক্রিয়ার কোনোটিই অনুসরণ করেননি। গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত তৃণমূল নেতাদের সভায় উপস্থিত সদস্যদের মতামত যাচাই না করে চেয়ারম্যান পদে তিনি নিজেই সফিকুলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলেন, ‘দলের বর্ধিতসভা ডেকে ভোট নিলে আমি অবশ্যই জয়ী হব। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমিই দলের মূল প্রার্থী। জনমত আমার সঙ্গেই আছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য জানান, তৃণমূলের জনমত প্রধান বিষয় নয়, সাংসদ এখানে যাঁকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে চাইবেন, তিনিই নির্বাচন করবেন। তাঁর মতের বাইরে যাওয়া যায় না।
চেয়ারম্যান পদপ্রার্থী সফিকুল ইসলাম বলেন, ‘২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পরও এমপি সাহেব ও মোহাম্মদ আলী ভাইয়ের অনুরোধে আর নির্বাচন করিনি। সে সময় তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন পরের উপজেলা নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে প্রার্থী করা হবে। এমপি সাহেব তাঁর প্রতিশ্রুতি রেখেছেন, কিন্তু মোহাম্মদ আলী সেই কথা ভুলে গিয়ে আমার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন বলেন, ‘বালিয়াডাঙ্গী উপজেলার প্রার্থী বাছাইয়ে স্থানীয় সাংসদ আমাদের কখনো ডাকেননি। চেয়ারম্যান পদে তিনি নিজেই তাঁর ছোট ভাইকে সমর্থন দিয়েছেন। আরেক ভাই তা অমান্য করে প্রার্থী হয়েছেন। এর পরও উপজেলা নির্বাচনে দল-সামর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে একক প্রার্থী দেওয়ার প্রক্রিয়া চলছে।’
সাংসদ দবিরুল ইসলাম বলেন, ‘সফিকুল আমার ছোট ভাই হলেও দলের কথা ভেবে তাঁকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছিলাম। কিন্তু মোহাম্মদ আলী তা অমান্য করে প্রার্থী হয়েছেন। দু-এক দিনের মধ্যে বিষয়টি মীমাংসা হয়ে যাবে। তৃণমূল নেতাদের মতামত নিয়েই সফিকুলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’