মেঝে ও গাছতলায় চার স্কুল
রংপুরের তারাগঞ্জ উপজেলার ধোলাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। তখন বাধ্য হয়ে শিক্ষার্থীদের ছুটি দিয়ে দিতে হয়।
একই অবস্থা উপজেলার জমেরঘাট ও জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ডাঙ্গিরহাট স্কুল অ্যান্ড কলেজে। এসব বিদ্যালয়ের মেঝে ও আশপাশের গাছতলায় পাঠদান চলছে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, ‘প্রয়োজনীয় শ্রেণিকক্ষ ও বেঞ্চ না থাকায় ধোলাইঘাট, জমেরঘাট ও জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেঝে ও গাছতলায় বসে ক্লাস করছে, এটা সত্যি। আমি নিজেও এ দৃশ্য দেখেছি। এ নিয়ে উপজেলা শিক্ষা কমিটি একাধিকবার আলোচনা করেছে। শিক্ষা অধিদপ্তরেও প্রতিবেদন পাঠানো হয়েছে।’
উপজেলা প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, ‘ধোলাইঘাট ও জমেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে সেখানে নতুন ভবন তৈরি করে দেওয়া হবে।’ তবে কবে বরাদ্দ আসবে, আর কবেই বা ভবন ভাঙা হবে, তা তিনি বলতে পারেননি।
রংপুরের জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহাম্মদ বলেন, ‘তিন মাস আগে জগদীশপুর প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের অভাবে মেঝেতে বসে পাঠদান করতে দেখেছি। ওই বিদ্যালয়ে আরেকটি ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানিয়ে ১৬ মার্চ চিঠি দিয়েছি।’
ধোলাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম জানান, ১৯৪৯ সালে স্থাপিত এ বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৮৫। উপজেলা প্রকৌশলী চার বছর আগে বিদ্যালয়ের একমাত্র ভবনটি পরিদর্শন করে সেটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। ভবনের পলেস্তারা খসে এ পর্যন্ত নয়জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। বর্তমান শ্রেণিকক্ষের অভাবে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করার পরেও ৫০-৬০ জন শিক্ষার্থীকে খোলা আকাশের নিচে পাঠদান করাতে হচ্ছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মনিরা খাতুন ও চতুর্থ শ্রেণির ছাত্র এনামুল হক জানায়, ছাদ থেকে প্রায়ই ইট-সুরকি খসে মাথায় পড়ে। সব সময় আতঙ্কে থাকতে হয়। বৃষ্টি এলে ক্লাসে থাকা যায় না।
জমেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ভবনের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। ভেঙে পড়েছে দরজা-জানালা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার উদ্দিন মণ্ডল জানান, ১৯৭১ সালে স্থাপিত এ বিদ্যালয়ে ২৪৩ জন শিক্ষার্থী আছে। তাদের জন্য রয়েছে মাত্র ১৬টি বেঞ্চ। পাঁচজন করে বসলেও মাত্র ৮০ জন শিক্ষার্থী এখানে বসতে পারে। তিনি আক্ষেপ করে বলেন, ‘শিশুদের নিয়ে খুব কষ্টে আছি। স্কুলঘরটি সংস্কার না করায় এবং পর্যাপ্ত বেঞ্চ না থাকায় মেঝেতেই পাঠদান চলছে।’
জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ রায় জানান, ১৯০১ সালে স্থাপিত এই বিদ্যালয়ে ১০ বছর ধরে বারান্দায় পড়াশোনা চলছে। ৬১৭ জন শিক্ষার্থী এখানে। প্রয়োজনীয় বেঞ্চ ও শ্রেণিকক্ষ না থাকায় প্রতিদিন প্রায় ২৫০ জন ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের বারান্দায় বা মেঝেতে বসে ক্লাস করতে হচ্ছে।
ডাংগীরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিক সরকার বলেন, দুই মাস আগে ঝড়ে স্কুল শাখার ১৪টি আধাপাকা কক্ষের মধ্যে নয়টির ওপরের টিন উড়ে গেছে। ভেঙে পড়েছে এক কক্ষের পাকা দেয়াল। ফলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের অভাবে বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে পাঠদান করছে। বর্তমানে এখানে প্রায় ৯০০ শিক্ষার্থী আছে।