মেঝে ও বারান্দায় চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শয্যা ও চিকিৎসক সংকটে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। শয্যাসংকটের কারণে প্রতিদিন অর্ধশতাধিক রোগীকে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইএনটিসহ (নাক কান গলা) আটজন বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগীরা এখানে এসে যথাযথ সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
হাসপাতাল সূত্র জানা গেছে, ১০০ শয্যার এই হাসপাতালে চিকিৎসকের ৩৬টি পদের বিপরীতে ১৯ জন কর্মরত আছেন। এর মধ্যে আবাসিক চিকিৎসা কর্মকর্তার দুটি পদের মধ্যে একটি, চিকিৎসা কর্মকর্তার চারটি পদের মধ্যে তিনটি, জরুরি চিকিৎসা কর্মকর্তার (ইএমও) তিনটি, সহকারী সার্জনের ছয়টি পদের মধ্যে চারটি শূন্য রয়েছে। এ ছাড়া মেডিসিন (সিনিয়র), ইএনটি, গাইনি (সিনিয়র), অর্ধোপেডিকস, রেডিওলজি, ডেন্টাল, অ্যান্ডোক্রাইনোলজি ও প্যাথলজি বিশেষজ্ঞের পদও শূন্য।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, শেরপুর জেলার প্রায় ১৫ লাখ বাসিন্দা ছাড়াও পাশের জামালপুরের বকশীগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারী উপজেলার বিপুলসংখ্যক মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। এ কারণে বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৪৫০ রোগী ভিড় করেন। এ বিভাগে আটজন চিকিৎসকের সেবা দেওয়ার কথা থাকলেও চারজন আছেন। ১০০ শয্যার এই হাসপাতালের অন্তর্বিভাগে গড়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০ রোগী ভর্তি থাকেন। এ কারণে বিভিন্ন ওয়ার্ডের মেঝে এমনকি বারান্দাতেও রোগীদের চিকিৎসা নিতে হয়।
শেরপুরের সিভিল সার্জন আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হয়েছে। এ ছাড়া অন্তর্বিভাগে রোগীদের চাপ সামলাতে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।