মেঝেতে অচেতন রোগীটির কী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের দোতলায় এক দিকে জরুরি বিভাগ ও অন্য দিকে মহিলা সার্জিকেল ওয়ার্ড। এরই মধ্যে মেঝেতে অচেতন অবস্থায় শুয়ে আছেন আনুমানিক ৩৫ বছর বয়সী এক রোগী। তাঁর মাথায় গুরুতর আঘাত রয়েছে। ছিলে গেছে হাত ও পায়ের বিভিন্ন অংশ।হাসপাতালের নথি ঘেঁটে জানা যায়, ৭০২৪/৭০ নম্বরের ওই রোগী এ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায়। ভাঙ্গা পৌর এলাকার কাফুরিয়া সদরদী মহল্লার মিরাজ হোসেন গুরুতর আহত এই রোগীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র তাঁকে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাতনামা এক ব্যক্তি হিসেবে দেখানো হয়েছিল। শিক্ষানবিশ চিকিৎসক শাহ মো. মহিবুল্লাহ জানান, ওই রোগী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁর জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করা প্রয়োজন। কিন্তু এ হাসপাতালে এই ব্যবস্থা নেই। স্যালাইন ও ওষুধ তাঁরা নিজেরা কিনেই দিচ্ছেন। তিনি জানান, এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন শুশ্রূষার। প্রয়োজন স্বজনদের নিবিড় সাহচার্য। কিন্তু রোগী অচেতন থাকায় তাঁর আত্মীয়স্বজনের ঠিকানাও বের করা যাচ্ছে না।