মেঝেতে তক্তা ও হোগলা বিছিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার বাবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার দুই বছর পেরিয়ে গেলেও নতুন ভবন নির্মিত হয়নি। এ কারণে বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থীর পাঠদান মারাত্মক ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের জরাজীর্ণ একটি টিনের ঘরের মেঝেতে স্থান সংকুলান না হওয়ায় শিক্ষকেরা বাধ্য হয়ে বিদ্যালয়ের পাশের একটি বাড়ির বারান্দা ভাড়া নিয়ে সেখানে পাঠদান চালাচ্ছেন।অভিভাবকেরা জানান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ‘আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয়’ প্রকল্পের আওতায় ১৯৯৫ সালে নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি দোতলা ভবন নির্মাণ করে। ২০১০ সালের ২২ মে ঘূর্ণিঝড়ে ভবনটি বিধ্বস্ত হয়। আসবাব ও অন্যান্য মালামালও বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদানসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম মুখথুবড়ে পড়ে। পরে বিধ্বস্ত ভবনের পাশের একটি পরিত্যক্ত টিনের ঘর স্থানীয় লোকজনের অনুদানে কোনো রকমে মেরামত করে সেখানে শিক্ষার্থীদের মেঝেতে বসিয়ে আবার পাঠদান কার্যক্রম শুরু হয়। কিন্তু সেখানে স্থান সংকুলান না হওয়ায় পাশের একটি বাড়ির বারান্দা মাসিক ৫০০ টাকায় ভাড়া নিয়ে সেখানে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ টিনের ঘরের মেঝেতে তক্তা বিছিয়ে তাতে গাদাগাদি করে বসিয়ে চালানো হচ্ছে শিক্ষার কার্যক্রম। বিদ্যালয়ের পাশে রহিম মিয়ার বাড়ির একটি বারান্দায় হোগলার ওপর বসিয়ে শিশুদের পাঠদান করছেন শিক্ষক জোবায়দা আক্তার। তিনি বলেন, ‘প্রতিদিন এতগুলো শিশুকে গাদাগাদি করে মেঝেতে বসিয়ে পাঠদান করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বৃষ্টির দিনে দুর্ভোগের কোনো সীমা থাকে না।’বিদ্যালয়ের শিক্ষক আবদুল মান্নান ও মাহফুজা আক্তার জানান, বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে বিদ্যালয়ের সব আসবাব ভেঙে যাওয়ায় এখন বসার মতো কোনো চেয়ার-টেবিলও নেই। তাই পুরো সময় বলতে গেলে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়।’ প্রধান শিক্ষক এ এস এম এ সোবাহান বলেন, ‘নতুন ভবন নির্মাণের জন্য আমরা অনেকবার এলজিইডির স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। কিন্তু তাতে কোনো ফল হয়নি।’ এলজিইডি বরগুনা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য আমরা একটি প্রকল্প প্রস্তাব দিয়েছি। প্রস্তাবটি প্রক্রিয়াধীন।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বলেন, ‘ওই বিদ্যালয়ে নতুন করে একটি ভবন নির্মাণের জন্য এলজিইডি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে। আশা করি, অচিরেই সেখানে নতুন ভবন নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত হবে।’