
মাদারীপুর জেলার মিঠাপুকুর গ্রামের প্রসূতি নীলা আক্তার(২৪) এসেছেন ২১ অক্টোবর রাতে। শয্যা না থাকায় হাসপাতালে তাঁর জায়গা হয়েছে গাইনি ওয়ার্ডের বারান্দার মেঝেতে। পরদিন তাঁর কোলজুড়ে আসে ফুটফুটে ছেলেসন্তান। সদ্যঃপ্রসূত শিশুকে নিয়ে ২৪ অক্টোবর পর্যন্ত তিনি ওই মেঝেতেই ছিলেন।
শুধু নীলা আক্তারই নন, তাঁর মতো অন্তত ১০০ রোগীকে ২৪ অক্টোবর দুপুরে এভাবে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে দেখা যায়। তাঁদের অনেকের সঙ্গে ছিল সদ্য জন্ম নেওয়া শিশুরাও।
দক্ষিণাঞ্চলের প্রধান সরকারি চিকিৎসালয় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিত্র এটি। এই ওয়ার্ডের দায়িত্বরত নার্সরা বললেন, এই চিত্র এক দিনের নয়। শয্যার অভাবে প্রতিদিনই এমন দুর্ভোগের মধ্যে চিকিৎসা নিতে হচ্ছে প্রসূতি মায়েদের।
গৃহবধূ নীলা আক্তারের স্বামী মনির হোসেন আক্ষেপ করে বললেন, ‘এটা কি হাসপাতাল! দ্যাখেন, কত রোগী ছোট ছোট বাচ্চা নিয়া ফ্লোরে (মেঝে) শুয়ে আছে। চার দিন ধরে হাসপাতালে আছি। এই চার দিনে আমাদের না আছে গোসল, না আছে ঘুম। সীমাহীন দুর্ভোগে রোগীর সঙ্গে আমরাও ক্লান্ত।’
এদিন দুপুরে হাসপাতালের গাইনি বিভাগে গিয়ে দেখা যায়, বারান্দা, ওয়েটিং রুম ছাড়াও ওয়ার্ডের ভেতরে মেঝেতে অসংখ্য প্রসূতি মা তাঁদের সদ্যঃপ্রসূত সন্তানদের নিয়ে শুয়ে-বসে আছেন। এসব স্থানে বৈদ্যুতিক পাখা না থাকায় মা ও শিশুদের গরমে হাঁসফাঁস অবস্থা। তা ছাড়া চারপাশ নোংরা ও দুর্গন্ধময়। এই পরিবেশে মেঝেতে কাঁথা বিছিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। মূল ওয়ার্ডে ঠাসাঠাসি করে অনেকে মেঝেতে শয্যা পেতেছেন। সেখানে পা ফেলাও দুষ্কর।
গৌরনদী উপজেলা থেকে আসা গৃহবধূ সোনিয়া আক্তার ২৩ অক্টোবর কন্যাসন্তান প্রসব করেন। তাঁরও আশ্রয় জুটেছে হাসপাতালের মেঝেতে। সোনিয়ার মা পারভীন বেগম বলেন, ‘সিট নাই কী করমু? দুই দিনে একটুও ঘুমাইতে পারি নাই। বাথরুমে যাওনের কোনো কায়দা নাই। চাইরপাশে মশা-মাছি ভনভন করে। খোলা জাগায় ছোট্ট বাচ্চা লইয়া এই রহম কি থাহন যায়?’
বরিশাল সদরের কাটাদিয়া গ্রামের রেবা আক্তার সাত দিন আগে এই হাসপাতালে এসেছেন। সন্তান প্রসব করার পর থেকে আছেন বারান্দার মেঝেতে। তাঁর স্বামী কামাল হোসেন বলেন, ‘এত বড় নাম করা একটা হাসপাতালের অবস্থা এই রকম, আগে বুঝতে পারিনি। অনেক ভরসা করে এখানে এসেছিলাম। কিন্তু দুর্ভোগে মনটা বিষিয়ে উঠেছে।’
রোগীদের কয়েকজন স্বজন জানান, অপরিচ্ছন্ন পরিবেশে গাদাগাদি করে থাকতে হচ্ছে সবাইকে। শৌচাগারগুলোর অবস্থা খুবই নোংরা। শৌচাগারে যেতে লাইনে দাঁড়াতে হয়। বারান্দা ও ওয়েটিং রুমে ফ্যান না থাকায় গরমে রোগীদের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে।
গাইনি বিভাগের জ্যেষ্ঠ নার্স আরতি মণ্ডলের দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালের গাইনি ওয়ার্ডের শয্যাসংখ্যা মাত্র ২৬। ২৪ অক্টোবর দুপুরে ওয়ার্ডে ১৩০ জন রোগী ভর্তি ছিলেন। তাঁদের ১০৪ জনেরই জায়গা হয়েছে মেঝেতে।
আরতি মণ্ডল জানান, প্রতিদিন গড়ে ২০-৩০ জন রোগী আসেন। শয্যার অভাবে বেশির ভাগ রোগীকে মেঝেতে জায়গা দিতে হয়।
হাসপাতালের গাইনি বিভাগের প্রধান শিখা রানী সাহা জানালেন আরেক সমস্যার কথা। তিনি বলেন, ‘শয্যাসংকটের পাশাপাশি আমাদের অপারেশন থিয়েটারেও সমস্যা আছে। প্রতিদিন ২০-২৫টি অপারেশন করতে হয়। বলতে গেলে ২৪ ঘণ্টাই ওটিতে থাকতে হয়। কিন্তু ওটিতে যে এসি আছে, সেটা খুব ছোট হওয়ায় সর্বক্ষণ চালানো যায় না। ফলে অপারেশনে খুব সমস্যা হয়।’
এসব বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি খুবই পীড়াদায়ক। কারণ, জন্মগ্রহণের পর একটি শিশুর এমন এক পরিবেশে থাকতে হয়, এটা দেখে আমারও কষ্ট লাগে। শিশুর ঠান্ডা লেগে নিউমোনিয়া ও ধুলাবালিতে জটিল রোগব্যাধির সংক্রমণ হতে পারে। কিন্তু কী করব? এত বড় হাসপাতালের গাইনি বিভাগে মাত্র ২৬টি শয্যা! বিষয়টি প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।’