মেঝেতে বসে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম থেকেই দুই পা ও ডান হাত অচল সহিদুলের। অন্যের ভাষা সে বোঝে। তবে তারটা সবাই বুঝতে পারে না। আকার-ইঙ্গিতে সে মনের ভাব প্রকাশ করে। পড়াশোনার প্রতি তার আগ্রহও প্রবল। এবার সে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে।

শারীরিক প্রতিবন্ধী সহিদুল ইসলাম (১৫) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। সে উপজেলার নলেজ পাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। তার বাড়ি সাদিপুর ইউনিয়নের গণকবাড়ি গ্রামে। তার বাবা ফেরি করে কাপড় বিক্রি করেন। পরীক্ষাকেন্দ্রে তার মা শাহনাজ বেগমের এ প্রতিনিধির সঙ্গে কথা হয়।

শাহনাজ বলেন, তাঁর দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সহিদুল বড়। মেজ ছেলে সুজন মিয়াও (১০) একই স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে। একমাত্র মেয়ে নাদিয়া আক্তার (৬) নার্সারিতে পড়ে। শাহনাজ বলেন, লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ থাকায় সহিদুলকে প্রতিদিন তিনি কোলে করে, কখনো কাঁধে করে স্কুলে নিয়ে যান। ছুটি শেষে আবার তাকে বাড়িতে নিয়ে আসেন। ছোট ভাই সুজনের পড়ার সময় পড়া মুখস্থ করে সহিদুল। এক দিন স্কুলে যেতে না পারলে কান্নাকাটি করে।

শাহানাজ বেগম বলেন, ‘আমার স্বামীর আর্থিক অবস্থা ভালো না। এ পরীক্ষায় পাস করলে সহিদুলকে উচ্চবিদ্যালয়ে ভর্তি করানো আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ, আমাদের বাড়ি থেকে স্কুল তিন কিলোমিটার দূরে। সেখানে যেতে হলে অবশ্যই যানবাহনের সাহায্য নিতে হয়। এ ব্যয়ভার আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়। ছেলের হুইল চেয়ারের জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করেও পাওয়া যায়নি।’

নলেজ পাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আয়নাল হক বলেন, ‘ছেলেটি শারীরিক প্রতিবন্ধী হলেও লেখাপড়ায় তার আগ্রহ দেখে আমরা মুগ্ধ।’

ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, ‘সহিদুলকে প্রয়োজনীয় সহায়তা দেব।’