মেঝেতে বসে পরীক্ষা
নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় ৮৭ নম্বর শিক্ষা সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুনে চারটি শ্রেণীকক্ষের আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় প্রায় দুই সপ্তাহ ধরে শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্ন হচ্ছে। বিদ্যালয়টির তিন শতাধিক শিক্ষার্থী মেঝেতে বসে পড়ালেখা করতে বাধ্য হচ্ছে। এমনকি প্রথম সাময়িক পরীক্ষাও দিচ্ছে মেঝেতে বসে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার মাহমুদা পারভিন জানান, ১০ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে বিদ্যালয়সংলগ্ন একটি বাড়ি থেকে আগুন ছড়িয়ে চারটি শ্রেণীকক্ষের টিনশেড চালাসহ ৪০ জোড়া বেঞ্চ, ছয়টি চেয়ার, চারটি টেবিল ও সিলিংফ্যান ভস্মীভূত হয়। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের বারান্দার মেঝেতে ও দুটি কক্ষে গাদাগাদি করে বসে প্রথম সাময়িক পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন, ‘বিদ্যালয়টি পুড়ে যাওয়ার পরপরই জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’