মেঝেতে বসে পরীক্ষা দিচ্ছে শিশুরা
বেঞ্চ ও কক্ষের অভাবে শিক্ষার্থীদের মেঝেতে বসিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া-কচুবনিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে। এ বিদ্যালয়ে কয়েক বছরে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে গেলেও প্রয়োজনীয় শ্রেণীকক্ষ ও বেঞ্চের সংখ্যা না বাড়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৩-৯৪ অর্থবছরে বিদ্যালয়টিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে চার কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। ২০০৫-০৬ অর্থবছরে দুই কক্ষবিশিষ্ট আরও একটি ভবন নির্মাণ করা হয়। ছয়টি কক্ষের মধ্যে একটিতে অফিস ও অন্য পাঁচটিতে পাঠদান কার্যক্রম চলে। এর মধ্যে দুটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার মতো বেঞ্চ থাকলেও অন্য দুটিতে অল্প কয়েকটি করে বেঞ্চ আছে।বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী আছে। প্রতি শ্রেণীর জন্য একটি কক্ষ থাকলেও ৫০০ শিক্ষার্থীকে ওই পাঁচটি কক্ষে পাঠদান সম্ভব নয়।গত ২৫ এপ্রিল দুপুরে সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের একটি কক্ষে পঞ্চম শ্রেণীর প্রায় ৪০ জন শিক্ষার্থী একটি কক্ষের মেঝেতে পরীক্ষা দিচ্ছে। এ সময় ওই কক্ষের দায়িত্বে থাকা শিক্ষক আবুল মাসুম জানান, চারটি কক্ষে পরীক্ষা চলছে। কিন্তু দুটি কক্ষে পর্যাপ্ত বেঞ্চ না থাকায় ছাত্রছাত্রীদের মেঝেতে বসিয়েই পরীক্ষা নেওয়া হচ্ছে।পরীক্ষা শেষে পঞ্চম শ্রেণীর ছাত্রী হাসিনা বেগম ও খোরশেদা খানম বলে, ‘ফ্লোরেত বইয়ারে পরীক্ষা দিতো যাই কোমর ব্যথা করে।’প্রধান শিক্ষক হোসাইন আহমদ বলেন, উপজেলার ছয়টি গ্রামের অধিকাংশ শিশু এ বিদ্যালয়ে পড়াশোনা করে। পর্যাপ্ত শ্রেণীকক্ষ, বেঞ্চ ও শিক্ষা উপকরণের অভাবে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল হচ্ছে না।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদ আহমদ জানান, শ্রেণীকক্ষ ও বেঞ্চের সংকটের কথা কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।এ ব্যাপারে টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোবারক আকতার জানান, উপজেলার কিছু বিদ্যালয় সংস্কারের জন্য ইতিমধ্যে কিছু বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দের তালিকায় বিদ্যালয়টির নাম নেই। পরবর্তী বাজেটে এ বিদ্যালয়ের নাম অন্তর্ভুক্তির সুপারিশ করা হবে।