মেঝেতে রেখে ডায়রিয়া নিউমোনিয়ার চিকিৎসা
হাসপাতালের শিশু বিভাগ। ওয়ার্ডের সব শয্যায়ই দুই থেকে তিনটি শিশু রোগী। শয্যা না পেয়ে অনেক অভিভাবক শিশুদের নিয়ে ঠাঁই নিয়েছেন ওয়ার্ডের মেঝেতে। আর যাঁরা সেখানেও জায়গা পাননি, তাঁরা বিছানা পেতেছেন বারান্দায়।
কয়েক দিন ধরে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। হিমশীতল হাওয়া ও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এ শীতে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রেখেই চলছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা। ফলে শিশু রোগী ও তাদের স্বজনেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ চিত্র ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের।
এ পরিস্থিতিতে বিব্রত চিকিৎসক ও সেবিকারাও। নাম প্রকাশে অনিচ্ছুক শিশু ওয়ার্ডের এক সেবিকা বলেন, ‘ডায়রিয়া ও নিউমোনিয়া ঠান্ডাজনিত রোগ। এ রোগের প্রথম ওষুধ হলো শিশুকে উষ্ণ পরিবেশে রাখা। কিন্তু আমরা তা পারছি না।’
গতকাল বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ১৮ শয্যার শিশু ও নবজাতক ওয়ার্ডে সোমবার রাত পর্যন্ত ১০৫টি শিশু ভর্তি ছিল। এর মধ্যে ৪৬টি শিশু ডায়রিয়া ও ২৬টি শিশু শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত। বাকি নবজাতক। শয্যাসংকটে বেশির ভাগ শিশুকে ওয়ার্ডের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা ওয়ার্ডে জায়গা পায়নি, তারা শিশুদের চিকিৎসার জন্য বারান্দায় বিছানা পেতেছে।
হাসপাতালের শিশু ওয়ার্ডের বারান্দার পূর্ব পাশে বিছানা পেতে ডায়রিয়ায় আক্রান্ত শিশু সবুজের চিকিৎসা করাচ্ছিলেন সদর উপজেলার সালন্দর গ্রামের মরিয়ম বেগম। তিনি বলেন, ‘রাত থেকে ছেলে বমির সঙ্গে পায়খানা শুরু করে। সকালে এখানে এসে দেখি, বেড নাই। শেষে উপায় না দেখে মেঝেতে কম্বল পেতে চিকিৎসা নিচ্ছি।’
পঞ্চগড়ের আটোয়ারীর রানীগঞ্জ গ্রামের রোজিনা খাতুন বলেন, নিউমোনিয়ায় গত সোমবার হাসপাতালে তাঁর ছেলেকে ভর্তি করান। ভর্তির পর বারান্দার মেঝেতে রেখে ছেলের চিকিৎসা দিচ্ছেন। বুধবার সকালে বারান্দায় একটি বিছানা পেয়েছেন তিনি। সে সময় শয্যার পাশে মেঝেতে মেয়েকে নিয়ে বসে থাকা হরিপুরের জামুন গ্রামের রাশেদা বেগম বলেন, ‘শীতত পাকা মাঝিয়া (মেঝে) খুব ঠান্ডা। এই জন্য ছুয়াটাক মাঝিয়াত না সুতায়ে কোলোত নিয়া সারা রাইত বসে থাকিবা হচে।’
হাসপাতালের শিশু ওয়ার্ডের বারান্দায় বিছানা পেতে শ্বাসকষ্টে আক্রান্ত ১০ মাসের শিশু স্বাধীনের চিকিৎসা নিচ্ছেন বালিয়াডাঙ্গীর লহিড়ী গ্রামের কৃষক মোবারক আলী। তিনি বলেন, ‘গত সোমবার মেয়ের শ্বাসকষ্ট হতে শুরু করে। অবস্থা আরও খারাপ হলে হাসপাতালে নিয়ে আসি। এখানে এসে দেখি ওয়ার্ডের বাইরের বারান্দা পর্যন্ত আক্রান্ত শিশুদের বিছানার লাইন। বাইরের ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা নেওয়ার মতো টাকা নাই। বাধ্য হয়ে বারান্দায় রেখে মেয়ের চিকিৎসা করাচ্ছি।’
হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক সাজ্জাদ হায়দার বলেন, ‘শয্যা না থাকায় কনকনে শীতের মধ্যেই ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগে আক্রান্ত শিশুদের ওয়ার্ডের মেঝেতে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছি।’
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন আবু মো. খয়রুল কবীর বলেন, শুধু শিশু ওয়ার্ডে নয়, হাসপাতালের সব ওয়ার্ডেই প্রতিদিন ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়। অতিরিক্ত রোগীদের তাই মেঝেতে থেকেই চিকিৎসাসেবা নিতে হচ্ছে।