মেঝেতে শিশুদের রেখে নিউমোনিয়ার চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শয্যার অভাবে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের কনকনে ঠান্ডায় হাসপাতালের ওয়ার্ডের মেঝেতে রেখে চিকিৎ​সা দেওয়া হচ্ছে। ছবিটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতা​ল থেকে গতকাল তোলা l প্রথম আলো
শয্যার অভাবে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের কনকনে ঠান্ডায় হাসপাতালের ওয়ার্ডের মেঝেতে রেখে চিকিৎ​সা দেওয়া হচ্ছে। ছবিটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতা​ল থেকে গতকাল তোলা l প্রথম আলো

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিভাগে প্রতিদিন ধারণক্ষমতার পাঁচ গুণের বেশি শিশু রোগী ভর্তি হচ্ছে। শয্যা কম থাকায় হাসপাতালের ওয়ার্ডের মেঝেতে রেখে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই ধরনের দৃশ্য দেখা গেছে।
গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ১৮ শয্যার শিশু ও নবজাতক ওয়ার্ডে সোমবার রাত পর্যন্ত ১১৯টি শিশু ভর্তি ছিল। এসব শিশুর বেশির ভাগই ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত। গতকাল দুপুরে ৫৯টি শিশুকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আর ৩৩টি নতুন শিশু ভর্তি হয়। গতকাল দুপুর পর্যন্ত শিশু ওয়ার্ডে ৯২টি শিশুকে ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর মধ্যে ৫৪টি শিশু ডায়রিয়া ও ২৬টি শিশু শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত। শয্যাসংকটের কারণে বেশির ভাগ শিশুকে ওয়ার্ডের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বারান্দায় বিছানা পেতে শিশুর চিকিৎসা করাচ্ছেন অনেক অভিভাবক।
হাসপাতালের শিশু ওয়ার্ডের বারান্দায় বিছানা পেতে ডায়রিয়ায় আক্রান্ত নয় মাসের শিশু শামীমের চিকিৎসা করাচ্ছিলেন পীরগঞ্জ উপজেলার করনা গ্রামের রাহেলা বেগম। তিনি বলেন, ‘গত শুক্রবার আমার নাতনির বমি শুরু হয়। অবস্থার অবনতি হলে শনিবার সকালে হাসপাতালে নিয়ে আসি। এখানে এসে দেখি, বেড নাই। শেষে উপায় না দেখে মেঝেতে কম্বল পেতে চিকিৎসা নিচ্ছি। কিন্তু শামীমের অবস্থার খুব একটা উন্নতি হচ্ছে না।’
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর গ্রামের জোগেশ নাথ বলেন, তিনি শনিবার সন্ধ্যায় ডায়রিয়ায় আক্রান্ত নয় মাসের ছেলেকে হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বলেন, ‘দুই দিন ধরে হাসপাতালের বারান্দায় থেকে ছেলের চিকিৎসা নিতে হচ্ছে। রাতে ঠান্ডা বাতাস বারান্দার রোগীদের কাবু করে দেয়। তখন বাড়তি কম্বল দিয়ে ছেলের শরীর ঢেকে দিই। তবু ঠান্ডা লাগে।’
নবজাতক ও শিশু বিভাগের চিকিৎসক শাহজাহান নেওয়াজ বলেন, ‘শয্যা না থাকায় কনকনে শীতের মধ্যেই ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগে আক্রান্ত শিশুদের ওয়ার্ডের মেঝেতে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছি।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, শুধু শিশু ওয়ার্ডে নয়, সব ওয়ার্ডেই প্রতিদিন ধারণক্ষমতার দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়। ১০০ শয্যার অতিরিক্ত রোগীদের তাই মেঝেতে থেকে চিকিৎসাসেবা নিতে হচ্ছে।
বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল দুপুর পর্যন্ত ৩১ শয্যার ওই হাসপাতালে রোগী ভর্তি ছিল ৫৬ জন। শয্যা-সংকটের কারণে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল ২৫ জনকে। গতকাল সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, শয্যার অভাবে অনেক রোগীর ঠাঁই হয়েছে মেঝেতে। মহিলা ওয়ার্ডের মেঝেতে চার মাসের সন্তান সিফাতকে কোলে নিয়ে বসে ছিলেন স্বপ্না বেগম। তিনি বলেন, ‘মাটির চাইতে পাকা মাঝিয়া (মেঝে) বেশি ঠান্ডা। এই জন্য ছইলটাক মাঝিয়াত না সোতেয়া (শুয়ে না রেখে) কোলাত নিয়া সারা রাইত হাসপাতালোত বসি কাটাই। হাসপাতাল থাকি একটা খালি কম্বল দেছে, ওইটা গাওত দেই না বিছাই। তাও আছি, ছইলটা জোন মোর ভালো হয়।’
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, হাসপাতালে বাধ্য হয়ে অতিরিক্ত জরুরি রোগীদের মেঝেতে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।