মেঝেতে শুয়ে পরীক্ষা দিচ্ছেন সাদ্দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজানা এক অসুখে চলাফেলার স্বাভাবিকতা হারায় সাদ্দাম। সোজা হয়ে দাঁড়ানো তো দূরের কথা, বসে থাকতেই পারে না। জন্মের পর থেকে শুয়েই তাকে জীবন টেনে নিতে হচ্ছে। শারীরিক প্রতিবন্ধী এই সন্তানের ভবিষ্যৎ ভাবনায় বাবা-মায়ের দুচিন্তার অন্ত নেই। বিশেষ করে ছেলের পড়াশোনা নিয়ে তাঁদের আক্ষেপ বাড়ে। তবে সাদ্দাম বাবা-মায়ের আক্ষেপ স্থায়ী হতে দেয়নি। নিজের সব প্রতিকূলতা পেরিয়ে পড়াশোনা চালিয়ে নিচ্ছে।কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ইসলামপুর (কালিপুর) এমআই ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে দাখিল পাস দিয়ে এবার আলিম দিচ্ছে। প্রাথমিক থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেঝেতে শুয়ে দিতে হলেও অকৃতকার্য শব্দটি তার বেলায় প্রযোজ্য হয়নি। পরিবারের সদস্যরা জানান, সাদ্দাম কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের রামশংকরপুর এলাকার বাসিন্দা। বাবা সিরাজুল ইসলাম সাধারণ ব্যবসায়ী। মায়ের গর্ভে সাত মাস বয়সী হওয়ার পর সে পৃথিবীতে আসে। সেই থেকেই অস্বাভাবিকতা ধরা পড়ে। কোনো চিকিৎসায় ফল আসেনি। জ্ঞান হওয়ার পর সে যখন দেখে তার অন্য ভাইবোনেরা স্কুলে যায়, তখন সেও বায়না ধরে স্কুলে যাওয়ার।ছেলের ইচ্ছা পূরণে বাবা-মা তাকে কোলে করে স্কুলের মেঝেতে শুয়ে দিয়ে আসেন। মেঝেতে শুয়ে ক্লাস করে সফলভাবে প্রাথমিক শিক্ষা শেষ করে। পরে ভর্তি হয় ইসলামপুর (কালিপুর) এমআই ফাজিল মাদ্রাসায়। মাদ্রাসার কোনো পরীক্ষায় সে কোনো দিন অকৃতকার্য হয়নি। এতে পড়াশোনা নিয়ে বাবা-মায়ের আগ্রহ বাড়ে। দাখিল পরীক্ষায় এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষকেরাও আশাবাদী হয়ে ওঠেন। এবার সে আলিম পরীক্ষা দিচ্ছে।পড়াশোনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাদ্দাম বলে, ‘প্রতিবন্ধী হওয়ার কারণে সমাজের চোখে মূল্যবান হতে পারিনি। পড়াশোনা করে নিজেকে মূল্যবান করে তুলতে চাই। মূলবান হওয়ার ইচ্ছা জাগে আমার।’ স্বাভাবিক জীবন যাপন করেও যারা পড়াশোনা করে না, তাদের বিষয়ে সাদ্দামের মন্তব্য হলো, ‘সবকিছু ঠিক থাকার পরও যারা পড়াশোনা করে না, তাদের দেখলে বলতে ইচ্ছে হয়, আমি প্রতিবন্ধী না, তোমরাই শিক্ষাপ্রতিবন্ধী।’বড় হয়ে কী হতে চাও—এমন প্রশ্নে সে জানায়, নির্দিষ্ট করে কিছু বলতে চাই না, তবে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার ইচ্ছা আছে। গত সোমবার ইসলামপুর (কালিপুর) এমআই ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, তার অন্য সহপাঠীরা বেঞ্চে বসে পরীক্ষা দিলেও মেঝেতে পলিথিনে শুয়ে পরীক্ষা দিচ্ছে সাদ্দাম।সন্তানের পড়াশোনার বিষয়ে মা আয়েশা বেগম বলেন, ‘সৃষ্টিকর্তা সাদ্দামের চলাফেরা কেড়ে নিয়েছেন সত্য, তবে আমার মনে হয় বিদ্যায় বড় করবে।’ কেন্দ্র পরিদর্শনে এসে সাদ্দামকে দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘অশিক্ষা দূর করার সংগ্রামে সাদ্দাম আমাদের বড় প্রেরণা হতে পারে। মাদ্রাসার অধ্যক্ষ মোহামঞ্চদ আলীর মন্তব্য হলো, সাদ্দামের প্রতি আমাদের শুভ কামনা।’